এক দশক আগেও টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা যেত ঈশিতা, অপি করিম, রিচি সোলায়মান, শ্রাবন্তী, নাদিয়া আহমেদকে। নিয়মিত অভিনয় করার কারণে এ পাঁচ অভিনেত্রীর মধ্য বন্ধুত্বও গড়ে ওঠে। সময়ের সঙ্গে তাদের জীবনের ব্যস্ততা বেড়ে যাওয়ায় এখন আগের মতো দেখা হয় না তাদের। তবে বৃহস্পতিবার দুপুরে রিচি সোলায়মানের বাসায় এক পারিবারিক আড্ডায় মেতে ওঠেন তারা। রিচির আমন্ত্রণে আবার এক হন ঈশিতা, অপি করিম, শ্রাবন্তী ও নাদিয়া আহমেদ। রিচি জানান, প্রথমে এ ঘরোয়া আড্ডায় হাজির হন শ্রাবন্তী। এরপর আসেন অপি করিম, সঙ্গে ছিল তার কন্যাসন্তান রশ্মি। পরে যোগ দেন ঈশিতা ও নাদিয়া আহমেদ। সন্ধ্যা পর্যন্ত চলে তাদের প্রাণবন্ত আড্ডা।
এ আড্ডা নিয়ে রিচি সোলায়মান বলেন, ‘বাসায় সবার সঙ্গে এমন চমৎকার সময় কাটাতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। একটা সময় ছিল, যখন আমাদের মধ্যেই ভীষণ প্রতিযোগিতা ছিল। ক্যামেরা কাকে ক্লোজ ধরল, কাকে ধরল না, এসব নিয়ে মন খারাপ হতো। এ সবই ছিল আসলে অর্থহীন। এ সময়ে এসে আমরা সবাই একটা বিষয় উপলব্ধি করলাম, আমরা ছোটবেলায় যখন আমাদের মা-বাবার সঙ্গে ছিলাম, সে সময়টায় আমাদের কারো দাদা, কারো নানা, কারো নানি মারা যাচ্ছেন। আমাদের বাচ্চারাও এখন এ সময়টাই পার করছে। আমাদের পাঁচজনেরই কারো মা, কারো বাবা আবার কারো মা-বাবা দুজনই মারা গিয়েছেন। এখন আসলে আমরা চমৎকার একটি বন্ধনের মধ্য দিয়ে জীবনটা পার করে দিতে চাই।’
এ আয়োজনে অংশ নেয়ার কথা ছিল আর এক জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানের। কিন্তু একই দিনে অন্য কাজ পড়ে যাওয়ায় আসতে পারেনি বলে জানিয়েছেন রিচি।









