মার্ভেল একের পর এক সিনেমা-সিরিজ উপহার দিয়ে যাচ্ছে। এ বছরই বক্স অফিস কাঁপানো দুটো সিনেমা উপহার দিয়েছে মার্ভেল। ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেসের পর থর: লাভ অ্যান্ড থান্ডারও সফলতা পেয়েছে। এর মধ্যে মিনি সিরিজ হিসেবে দর্শকপ্রিয়তা পেয়েছে মুন নাইট ও মিস মার্ভেল। শি হাল্কের ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। এছাড়া এ বছর মুক্তি পাওয়ার কথা ব্ল্যাক প্যান্থারের দ্বিতীয় সিনেমা। ওয়াকান্ডা ফরএভার নামের সিনেমাটিতে ব্ল্যাক প্যান্থার, ওয়াকান্ডা, সুরি সবার গল্প একটি নতুন মোড় ও রূপ নেবে বলে ধারণা করা হচ্ছিল। চ্যাডউইক বোজম্যানের মৃত্যুর পর সিনেমার গল্প বদলানো ছিল সময়ের অপেক্ষা। গতকাল ওয়াকান্ডা ফরএভার সিনেমার প্রথম টিজার সে ধারণারই প্রতিফলন।

টিজারে দেখা যাচ্ছে ওয়াকান্ডাকে খানিকটা হলেও নতুন করে তৈরি করা হয়েছে। টি’চালার জায়গাটি কে নিচ্ছে তা স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে সুরিই পরবে ব্ল্যাক প্যান্থারের স্যুট। মাইটি থর, শি হাল্কের মতো এখানেও নারীকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রাখা হবে। ওয়াকান্ডা ফরএভারের টিজারে টি’চালার স্মৃতি দেখা যায়। সেই সঙ্গে আভাস রয়েছে নতুন শত্রুর। নতুন শত্রুর সঙ্গে সঙ্গে নতুন একটি প্রজন্মের আভাসও দেখা যায়। এ সিনেমার একটি বিশেষত্ব হলো আফ্রিকার নিজস্ব সংস্কৃতির একটি প্রকাশ। আসন্ন সিনেমাটির ক্ষেত্রেও সে বিষয়টি দেখা গেছে।

ওয়াকান্ডা ফরএভারের ট্রেলার দেখে আবেগমথিত হওয়ার পাশাপাশি মার্ভেলের পরবর্তী কনটেন্টের লাইনআপ দেখে নড়েচড়ে বসতে হয়। মার্ভেল তাদের আসন্ন সিনেমা ও সিরিজের তালিকা প্রকাশ করেছে, যা তিনটি পর্যায়ে (৪, ৫, ৬) মুক্তি পাবে। এর মধ্যে চতুর্থ পর্যায়ে আগস্টে আসছে শি হাল্ক এবং নভেম্বরে মুক্তি পাবে ওয়াকান্ডা ফরএভার।

পঞ্চম পর্যায়ে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আসবে অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টোম্যানিয়া। একই বছর আসবে সিক্রেট ইনভ্যাশন যেখানে ফিরবেন শিল্ডের নিক ফিউরি। মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির তৃতীয় সিনেমা। এর কয়েক মাস পর হকআইয়ের স্পিন অফ হিসেবে আসবে সিরিজ ইকো। তুমুল জনপ্রিয়তা পাওয়া লোকির পরবর্তী সিজন আসবে এর পর পরই। নভেম্বরে মুক্তি পাবে ব্লেড এবং এরপর আয়রন হার্টে দেখা যাবে ডমিনিক থর্নকে। ওয়াকান্ডা ফরএভার সিনেমার পর এটি হবে তার নিজস্ব সিরিজ। ওয়ান্ডা ভিশনের স্পিন অফ হিসেবে আসবে আগাথা: কোভেন অব ক্যাওস। তবে এটি ২০২৩ বা ২০২৪ যেকোনো বছর আসতে পারে। ডেয়ারডেভিলের পরবর্তী সিজন ২০২৪ সালে আসবে বলে মার্ভেল জানিয়েছে। ওই বছর মে মাসে ক্যাপ্টেন আমেরিকা: নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং জুলাইয়ে থান্ডারবোল্টস দিয়ে শেষ হবে এ পর্যায়।

২০২৪ সালের নভেম্বরে ফ্যান্টাস্টিক ফোর দিয়ে শুরু হবে ষষ্ঠ পর্যায়। মার্ভেল ইউনিভার্সে ফ্যান্টাস্টিক ফোর দেখার জন্য ভক্তরা মুখিয়ে আছে। একইভাবে আগ্রহ নিয়ে আছেন ভক্তরা ফের অ্যাভেঞ্জার্স দেখার। দ্য ক্যাং ডাইন্যাস্টি নামে অ্যাভেঞ্জার্স আসবে ২০২৫ সালের মে মাসে। আবার নভেম্বরে সিক্রেট ওয়ার নিয়েও আসবে অ্যাভেঞ্জার্স। মার্ভেলের এ দীর্ঘ ও বিস্তারিত তালিকা প্রকাশ করেছে মার্ভেল। মাল্টিভার্সের এ দীর্ঘ যাত্রার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে দর্শকদের।

 

সূত্র: ভ্যারাইটি