২০১৮ সালে সর্বশেষ একটি চলচ্চিত্রে দেখা গিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণকে। বেশ কিছুদিনের বিরতি শেষে এ অভিনেত্রী আবারো নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নাট্যনির্মাতা সাইদুল ইসলাম রানার প্রথম চলচ্চিত্র ‘বীরত্ব’। এ ছবিতে অভিনয়ের জন্য ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিপুণ চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রটির গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র লুত্ফা। নিপুণ সেই লুত্ফা চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন। ছবিটির প্রযোজক শুক্লা বনিক, নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত। ইকবাল মাহমুদ বাপ্পীর সার্বিক সহযোগিতায় এটি নির্মিত হবে ‘পিং পং এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে।

চলচ্চিত্রটির শুটিং শুরুর বিষয়ে নির্মাতা জানান, ‘আগামী ১ অক্টোবর ফরিদপুরে ছবিটির প্রথম লটের কাজ শুরু হবে। প্রথম লটেই নিপুণ অভিনয় করবেন।’  মাঝে বেশকিছু ছবিতে কাজের প্রস্তাব পেয়েও কেন ‘বীরত্ব’ ছবিতেই অভিনয়ের জন্য রাজি হলেন, সে বিষয়ে নিপুণ বলেন, ‘আমার কাছে ছবির গল্প ও চরিত্র দুটোই ভালো লেগেছে। পুরো টিমটাও বেশ গোছানো মনে হয়েছে। যদিও বা আমি এখন আগের মতো অভিনয়ে নিয়মিত নই কিন্তু ভালো গল্প ও চরিত্রে কাজের সুযোগ এলে তা করার চেষ্টা করি, বীরত্ব যেন তারই প্রমাণ। আমার বিশ্বাস এটি খুব ভালো একটা চলচ্চিত্র হবে।’

‘বীরত্ব’ ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। ছবির গানও রচনা করেছেন তিনিই। ২০১৮ সালে নিপুণকে উত্তম আকাশের নির্দেশনায় সর্বশেষ ‘ধূসর কুয়াশা’ ছবিতে দেখা যায়। ২০০৮ সালে ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নিপুণ।