২০১২ সালে ‘শুনতে কি পাও’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন নির্মাতা কামার আহমাদ সাইমন। প্রথম সিনেমায় আন্তর্জাতিক সম্মান পেয়েছিলেন এ নির্মাতা। এবার সুইজারল্যান্ডের জুরিখ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে কামার আহমাদ সাইমনের নতুন সিনেমা অন্যদিন...। উৎসবের গোল্ডেন আই পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে ১৪টি চলচ্চিত্র, যার মধ্যে থাকছে বাংলাদেশের অন্যদিন..। উৎসব প্রদর্শনীতে নির্মাতা ও প্রযোজককে আমন্ত্রণ জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। সম্প্রতি উত্তর আমেরিকার চলচ্চিত্র উৎসব ক্যামডেন ও ভ্যানকুভারেও আমন্ত্রিত হয়েছিল সিনেমাটি।

অন্যদিনের স্ক্রিপ্টের জন্য ২০১৬ সালে লোকার্নোয় প্রথম কোনো বাংলাদেশী নির্মাতা হিসেবে পিয়াতজা গ্রান্দেতে রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা পেয়েছেন কামার। ২০১৭-এ পেয়েছেন কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে এক্সক্লুসিভ আমন্ত্রণ। অন্যদিন... ছবির গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ কামার। শুধু জানালেন, হাইব্রিড ফিকশন ব্লেন্ডেড উইথ রিয়েলিটি। এ নির্মাতা জানিয়েছেন, শিগগির বাংলাদেশে সিনেমাটি মুক্তির বিষয়ে ভাবছেন তিনি।

গত বছরের নভেম্বরে বিশ্বের শীর্ষ দশে থাকা ফেস্টিভ্যাল ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছিল কামার আহমাদ সাইমনের অন্যদিন...। বিশ্ব-অভিষেক হয়েছিল আমস্টারডামের পাথে তুসান্সকিতে। অন্যদিকে কামারের প্রথম সিনেমা শুনতে কি পাও ছিল লোকার্নোর ওপেন ডোরস ও জার্মানির ডক-লাইপজিশের উদ্বোধনী সিনেমা। প্যারিসে দ্যু রিলে গ্রাপ্রি, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন কোঞ্চ বা স্বর্ণশঙ্খ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরো অনেক পুরস্কার জিতেছে সিনেমাটি।

জুরিখ চলচ্চিত্র উৎসবের ১৮তম আসর বসতে যাচ্ছে ২২ সেপ্টেম্বর। ২ অক্টোবর পর্দা নামবে এবারের আয়োজনের।