বলিউড অভিষেকের পর জয়া আহসান নতুন করে আলোচনায় আছেন। এল নতুন খবর। পশ্চিমবঙ্গের সেরা অভিনেত্রীর তালিকায় আছেন তিনি। সম্প্রতি ঘোষিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’-এর মনোনয়ন। সে তালিকায় আছেন জয়া আহসান। কেবল তিনি নন, আছেন তাসনিয়া ফারিণও। গত বছর টালিউডে অভিষেক হয় তার।
বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্র শিল্পীদের সম্মাননা দিয়ে আসছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সেখানে জয়া আহসান পেলেন সেরা সহশিল্পী (নারী) বিভাগের মনোনয়ন। ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য মনোনীত হয়েছেন জয়া। এ বিভাগে আরো আছেন মমতা শঙ্কর (পালান), অনন্যা সেন (দিলখুশ) ও অনিন্দিতা বোস (আরও এক পৃথিবী)। সময়টা ভালো যাচ্ছে জয়ার। টালিউডে ‘অর্ধাঙ্গিনী’ ও ‘দশম অবতার’ সিনেমায় সাফল্য পেয়েছেন। হয়েছে বলিউডে অভিষেক। এছাড়া গোয়ায় অনুষ্ঠিত ইফিতে হয়েছে তার চার সিনেমার প্রদর্শনী। দেশে পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার—সব মিলিয়ে জয়া আহসান অন্যতম সেরা অভিনেত্রীর জায়গায় অনেক আগে থেকেই আছেন।
তাসনিয়া ফারিণও হাঁটছেন জয়ার পথে। দেশের নাটক, ওয়েবফিল্ম ও টেলিফিল্মে তিনি আলোচিত ও প্রশংসিত অভিনেত্রী। পশ্চিমবঙ্গে তার অভিষেক হলো গত বছর। অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’তে অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি মুক্তি পায় গত বছরের ৩ ফেব্রুয়ারি। প্রথম সিনেমা দিয়েই প্রতিশ্রুতিশীল অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেলেন ফারিণ।
অর্ধাঙ্গিনী পরিচালনা করেছিলেন কৌশিক গাঙ্গুলী। আর এদিকে অতনু ঘোষের সিনেমায় ফারিণের সহশিল্পীও ছিলেন কৌশিক গাঙ্গুলী। মজার ব্যাপার, তাসনিয়া ফারিণের দ্বিতীয় সিনেমাও টালিউডে হতে যাচ্ছে। সেখানে বিপ্লব গোস্বামী পরিচালিত ‘পাত্রী চাই’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এছাড়া দেশেও ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।










