ব্রিটনি স্পিয়ার্সের আত্মজীবনী ‘দ্য ওমেন ইন মি’ বড়পর্দায় আসতে চলেছে- বেশ কিছুদিন ধরে এ গুঞ্জন শোনা যাচ্ছে। হলিউডের কেউ কেউ বলছেন, ছবিটি প্রযোজনা করবেন মার্গট রবি। তবে ‘বারবি’-খ্যাত অভিনেত্রী বললেন, এ গুঞ্জন সত্য নয়। খবর ইন্ডিওয়্যার।

একাধিক সূত্র বলছে, এ ছবির জন্য রবির সংস্থা লাকিচ্যাপের সঙ্গে জোট বাঁধছেন আরো দুই তারকা। এগুলো হলো নায়িকা রিজ উইদারস্পুনের হ্যালো সানশাইন ও সুপারস্টার ব্র্যাড পিটের প্ল্যান বি।

সব মিলিয়ে জমজমাট এক গুঞ্জন। আর তাতে পানি ঢেলে দিলেন মার্গট রবি নিজেই। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ‘ভ্যারাইটি পাওয়ার অব উইমেন ২০২৩’ ইভেন্টে জানান, ব্রিটনির বায়োপিকের সঙ্গে লাকিচ্যাপের জড়িত থাকার সম্ভাব্য গুজব সত্য নয়। মার্গট বলেন, ‘আমি এ ব্যাপারে শুনেছি, এটা সত্য নয়।’

উইদারস্পুনের হ্যালো সানশাইন স্টুডিও ‘বিগ লিটল লাইস’সহ টেলিভিশনের কিছু শো প্রযোজনা করেছে। পিটের প্ল্যান বি গত বছর ‘সি সেইড’ ও ‘ব্লন্ড’ প্রযোজনা করেছে।

গ্র্যামি বিজয়ী ব্রিটনি স্পিয়ার্স ‘ক্রসরোডস’-এ অভিনয়ের পর এদিকে ক্যারিয়ার আর এগিয়ে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছিছেন। এমনকি ‘দ্য ওম্যান ইন মি’ -এ লিখেছেন যে প্রধান ভূমিকায় অভিনয় না করার কারণেও তিনি অত্যন্ত খুশি। গান নিয়েই সন্তুষ্ট।

ব্রিটনি চান না তার বায়োপিক তৈরি হোক। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি শুনেছি যে লোকেরা আমার জীবন নিয়ে সিনেমা করতে চায়... কিন্তু আমি তো এখনো মারা যাইনি।’ এর আগে, ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত অভিনেত্রী মিলি ববি ব্রাউন ‘দ্য ড্রু ব্যারিমোর শো’ অনুষ্ঠানে জানান, কম বয়সে তারকাখ্যাতি পাওয়ায় ব্রিটনি স্পিয়ার্সকে ভালোভাবে বুঝতে পারেন তিনি। এ গায়িকার চরিত্রে অভিনয়ে আগ্রহী তিনি।