ভারতে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর প্রভাব পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে তারকারা চেষ্টা করছেন সামাজিক বিধিনিষেধ মেনে চলার। তবু প্রয়োজনে বাইরে এলেও বেশির ভাগ তারকাই বেছে নিচ্ছেন নিরাপদ ও আরামদায়ক পোশাক। পোশাক বাছাইয়ের আভিজাত্য অনেক তারকাকেই নিয়ে এসেছে চলতি সপ্তাহের সেরা ফ্যাশন লেডির তালিকায়

কারিনা কাপুর খান

বলিউডের বেগমখ্যাত কারিনা কাপুর খান স্বাস্থ্য সুরক্ষা ও সৌন্দর্য দুই দিকেরই সমন্বয় করে থাকেন। সাদাসিধে পোশাকেও তিনি অনন্য। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় সাদা গুচি টি শার্টের সঙ্গে গাঢ় নীল ট্র্যাক প্যান্টে হাজির হন তৈমুরের মা। সাদা স্নিকার্স আর হাতে ডিওর ব্যাগ ও চোখে গাঢ় কাজল এক কথায় কারিনা সবার নজর কাড়ছিল। স্বাস্থ্য সুরক্ষা নিয়েও সচেতন তিনি। পোশাকে সাদার প্রাধান্য বজায় রেখে পরেছিলেন সাদা মাস্ক। হাতের ব্রান্ডেড ঘড়ি আভিজাত্যের জানান দিচ্ছিল বেশ ভালোভাবেই।

কঙ্গনা রানাওয়াত

ফটোশিকারিদের ক্যামেরায় বলিউডের রানী কঙ্গনা রানাওয়াতকে বেশ দাপুটের সঙ্গেই বিমানবন্দরে দেখা গিয়েছে। পরনে ছিল হালকা প্যাসটেল নীল রঙের শাড়ি। এর সঙ্গে মিলিয়ে কানে ও গলায় ছিল সাদা মুক্তার হার। সঙ্গে ছিল চকচকে (মিরর ফিনিস) সানগ্লাস। হাতে কোনো অলংকার না থাকলেও ব্রান্ডেড ব্যাগ ঠিকই তার সৌন্দর্য বাড়িয়েছে। কভিড-১৯ থেকে রক্ষা পেতে এর সঙ্গে সাদা মাস্ক পরতে ভুল করেননি কঙ্গনা।

পরিণীতি চোপড়া

সাজগোজের দিক দিয়ে বেশ সচেতন পরিণীতি চোপড়া। মুম্বাইয়ের শীতের দাপটে টিকে থাকতে বেশ প্রস্তুতি নিয়েই বের হয়েছিলেন এ বলিউড তারকা। সোয়েটশার্ট ও জগার সেটের সঙ্গে টেডি লং কোট পরে বিমানবন্দরে আসেন তিনি। সাদা স্নিকার্স, সেন্ট লরেন্ট কালো ব্যাগ ও সাদা মাস্কে ক্যাজুয়াল লুকে নজর কারেন পরিণীতি। কানের দুল ছাড়া আর কোনো অলংকার পরেননি তিনি।

নোরা ফাতেহি

বলিউডের দিলবার গার্ল নোরা ফাতেহি বিমানবন্দরে যাওয়ার আগে মিনি ফটোশুট সেরে নেন। বেগুনি লং স্কার্ট, কালো টপ ও বেগুনি লং ব্লেজারে দুর্দান্ত লাগছিল বলিউডের এ আইটেম সুন্দরীকে। এলো চুলের সঙ্গে হালকা অলংকারে বেশ মানানসই লাগছিল। পায়ে সাধারণ নকশার কালো সু, গোলাপি রঙের হার্মিস ব্যাগ আর কালো বড় ফ্রেমের সানগ্লাস এ তারকার সাজে পরিপূর্ণতা এনে দিয়েছিল।

শিল্পা শেঠি

বলিপাড়ায় শিল্পার স্টাইল সব সময় একটু আলাদা নজরকাড়া। বরুণ বাহলের নকশা করা ফ্লোরাল প্রিন্টের পোশাকে ইন্দো ওয়েস্টার্ন লুকে শিল্পা শেঠিকে অনবদ্য লাগছিল। ব্লাউজ, স্কার্ট এর সঙ্গে মিলিয়ে জ্যাকেটে হাজির হন এ বলিউডের চির তরুণ তারকা। রূপার কানের দুল আর খোঁপা যেন তার ব্যক্তিত্ব প্রকাশ করছিল।

 

সূত্র: পিংকভিলা