ম্যায় শায়ের তো নেহি, মাগার অ্যায় হাসিন

যাব সে দেখা তুঝকো, মুঝকো শায়েরি আ গ্যায়ি

সত্তরের দশকে ভারতের কোনে কোনে বাজতে থাকা গানটি আজও বহু তরুণের মনে দোলা দেয়। শৈলেন্দ্র সিংয়ের গলায়, ঋষি কাপুরের ঠোঁটে গানটি একটি প্রজন্মের প্রেমের অনুভূতির পরিচয় হয়ে আছে। কেবল তা-ই নয়, আজকের দিনে বলিউডে বহু টিনএজ রোমান্টিক সিনেমা নির্মাণ হলেও ববিই ছিল পথপ্রদর্শক। সত্তরের ভারতের দেশপ্রেম, হিরোইজম ও সামাজিক গল্প নিয়ে নীতি ঘরানার সিনেমার বাইরে গিয়ে ববি নতুন সময়ের বার্তা দিয়েছিল। অন্যদিকে সিনেমাটি এর প্রযোজনা প্রতিষ্ঠান আরকে স্টুডিওর জন্যও সঞ্জীবনী হয়ে ওঠে।

রাজ কাপুরের পরিচালনায় ববি মুক্তি পায় ১৯৭৩ সালে। সিনেমাটি প্রযোজনা করেছিল আরকে স্টুডিও। এ প্রতিষ্ঠান থেকেই ১৯৭০ সালে মুক্তি পায় রাজ কাপুরের মেরা নাম জোকার। প্রশংসিত হলেও ব্যবসাসফল হয়নি সিনেমাটি। অবস্থা এমন, স্টুডিও ধরে রাখাই কঠিন। ববি মুক্তি পাওয়ার পর সিনেমাটি ব্যবসা করলে রাজ কাপুর হাঁফ ছেড়ে বাঁচেন। সে ঘটনার বহু বছর পর এসব কথা বলেছেন ঋষি কাপুর। বলিউড হাঙ্গামার সঙ্গে সাক্ষাত্কারে তিনি বলেন, ‘ববি তৈরি করার কারণ ছিল রাজ কাপুর ওই ক্ষতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তিনি স্টুডিও বন্ধক রাখতে বাধ্য হয়েছিলেন। ববি ঠিক সে সময় নির্মিত হয়েছিল যখন রাজ কাপুরের একটি ব্যবসাসফল সিনেমা প্রয়োজন হয়ে পড়েছিল।’

মুক্তির পর পরই ববি জনপ্রিয়তা লাভ করে। সেকালে এ ধরনের সিনেমার চল ছিল না। দুটো অল্প বয়সের ছেলেমেয়ে প্রেম করছে, বাবা-মায়ের মতের বিরুদ্ধে কথা বলছে—বলিউডে তা প্রচলিত ছিল না। কিন্তু দর্শক সিনেমাটা ভালোভাবেই নিয়েছিল। ১৮ বছর বয়সী রাজা (ঋষি কাপুর) ও ১৬ বছর বয়সী ববির (ডিম্পল কাপাডিয়া) রসায়ন মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সেই সঙ্গে জনপ্রিয় হয়েছিল সিনেমার গান। ম্যায় শায়ের তো নেহি তো অবশ্যই, হাম তুম এক কামরে মে, মুঝে কুছ কেহনা হ্যায়, ঝুট বোলে কাউয়া কাটে গানগুলো বসার ঘর থেকে চায়ের দোকানে বেজেছে। সিনেমায় রাজার চরিত্রে অভিনয় করে ঋষি কাপুর সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার জিতেছিলেন।

কিন্তু এখানে একটি অন্ধকার অংশ রয়েছে। বিষয়টি অবশ্য ঋষি কাপুর নিজেই জানিয়েছেন। সে বছর ফিল্মফেয়ারের অন্যতম দাবিদার ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু ঋষি সে সময়ে ৩০ হাজার রুপির বিনিময়ে পুরস্কারটি কিনেছিলেন। তিনি তার স্মৃতিচারণমূলক আত্মজীবনী খুল্লাম খুল্লায় লিখেছেন, ‘অমিতাভ নিশ্চয়ই পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন। আমি নিশ্চিত জাঞ্জির সিনেমার জন্য সে নিজেকে এ পুরস্কারের যোগ্য মনে করেন। আজ লজ্জিত হয়ে স্বীকার করি আমি পুরস্কারটি কিনেছিলাম। আমি খুবই সরল ছিলাম আর যখন তারকনাথ গান্ধী আমাকে বলেন যে মাত্র ৩০ হাজার টাকায় পুরস্কারটি পাওয়া যাবে, আমি রাজি হয়ে যাই। কোনো চিন্তা না করে টাকা দিয়ে দিই।’

বহুদিন পার হয়েছে। ঋষি কাপুরের মধ্যে নিজেকে বহুবার প্রমাণ করেছেন। পুরস্কারের ঘটনাটি সিনেমার বাইরের। অন্যথায় ববি আজও জনপ্রিয়। কেবল তাই নয়, বর্তমানে বলিউডের জনপ্রিয় ধারার টিনএজ লাভ স্টোরির পুরোধা মূলত ববি।