কে-পপ গ্রুপ বিটিএসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষ ছড়ানোর জন্য বেশকিছু ব্যবহারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে বিগ হিট মিউজিক লেভেল। এর মধ্যে যারা এ ব্যান্ডের বিরুদ্ধে দুর্নাম ছড়ানো, ব্যক্তিগত আক্রমণ, যৌন হয়রানি, ভিত্তিহীন তথ্য ছড়ানোর মতো কাজ করছে অথবা অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করার প্রবণতা থাকা ব্যবহারকারীদের বিরুদ্ধে এসব সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিগ হিট মিউজিক। যেকোনো ধরনের মানহানিকর খবর থেকে ছেলেদের ব্যান্ডটিকে রক্ষার জন্য এ এজেন্সি একটি আইনি পথ গ্রহণের চিন্তাভাবনা করেছে, সেখানে যারাই কে-পপ ব্যান্ডের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এজেন্সির ভেতরের একটি সূত্র জানিয়েছে, একজন সন্দেহভাজনকে পুলিশ চিহ্নিত করেছে, যে বিভিন্ন প্লাটফর্মে গুজব ছড়াচ্ছে প্রতিনিয়ত। এরই মধ্যে সব তথ্যপ্রমাণ হাতে নিয়ে মামলা করেছে বিগ হিট মিউজিক, যেটা ডিস্ট্রিক্ট প্রসিকিউটর অফিসে হস্তান্তর করা হয়েছে। যদিও বিটিএস এজেন্সি এখনো নিশ্চিত করেনি কোন ধরনের আচরণের জন্য এমন সব আইনগত ব্যবস্থা নেয়া হলো। লম্বা এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিটিএসের সঙ্গে সম্পৃক্ত ভুল তথ্যে আমরা প্রায়ই এ ধরনের পদক্ষেপ নিই। সেসব তথ্যই সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই। সম্প্রতি আমরা অতিরিক্ত অপরাধমূলক অভিযোগ দায়ের করেছি, যেখানে ভক্তরা ব্যক্তিগত আক্রমণ বা দুর্নাম ছড়ানোর মতো কাজ করেছেন। সেই সঙ্গে আমাদের পর্যবেক্ষণ পদক্ষেপে যারা ধরা পড়েছে তাদের বিরুদ্ধেও নানা রকম পদক্ষেপ নিয়েছি। বেশকিছু দুর্নাম ছড়ানোর মতো পোস্ট আমরা দেখেছি, সেখানে এ শিল্পীদের বিরুদ্ধে কোরিয়ার ভেতরে ও বাইরে ভুল তথ্য ছড়ানো হয়েছে। এখন আমরা আমাদের আইনি প্রতিক্রিয়ার প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছি, যেখানে ৩৬৫ দিন আক্রোশমূলক পোস্টের পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহ করা হয়। বেশকিছু সক্রিয় ভক্তের রিপোর্ট করার প্রবণতার কারণে আমাদের আক্রোশমূলক পোস্টের পর্যবেক্ষণ কার্যক্রম আরো বেশি সহজ হয়েছে।

ওই নোটে এ এজেন্সি নিশ্চিত করেছে, ভুল তথ্য ছড়ানো ব্যবহারকারীদের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করবে। সেটা রোধ করার জন্য এ ধরনের পদক্ষেপ চলমান থাকবে বলেও জানিয়েছে এজেন্সি। শিল্পীদের অধিকার যেন সবসময় সুরক্ষিত থাকে, সেজন্যও কাজ চালিয়ে যাবে এজেন্সিটি।

 

সূত্র: ইয়ন