দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। সম্প্রতি এক হাজার কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করা সিনেমাটি চতুর্থ সপ্তাহ শেষ করেও বক্স অফিসে দারুণভাবে লড়ছে।

ধারণা করা হয়েছিল, ‘পাঠান’-এর গতির সঙ্গে মিলিয়ে আয় করবে পরবর্তী বলিউড সিনেমাগুলো। কিন্তু কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’র পর ব্যর্থ হতে চলছে অক্ষয় কুমার ও ইমরান হাশমির ‘সেলফি’। তাই আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে ‘পাঠান’-এর ৫০ শতাংশ পর্দা বাড়ছে।

বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইড নামের একটি বিনোদন সাইট এই খবর দিয়েছে।

মূলত অক্ষয় কুমারের ‘সেলফি’র প্রথম দিনের আয় হতাশ করেছে প্রেক্ষাগৃহ মালিকদের।

গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তির প্রথম দিন আড়াই কোটি রুপির মতো আয় করেছে ‘সেলফি’। অন্যদিকে ৩১তম দিনে অপেক্ষাকৃত কম টিকিট মূল্যে ‘পাঠান’-এর আয় দেড় কোটি রুপির মতো। এ কারণে সিদ্ধার্ধ আনন্দের স্পাই থ্রিলারটিকে ফের পর্দায় তুলছেন অনেকে।

ভারতে ‘পাঠান’-এর হিন্দি সংস্করণের মোট আয় ৫০৩ কোটি ৩০ লাখ রুপি। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই এই অঙ্ক ৫১১ কোটি রুপির ঘরে পড়বে। তাহলে ‘বাহুবলি টু’কে হারিয়ে সবচেয়ে বেশি আয়ের হিন্দি ছবির স্থান দখল করে নেবে। অবশ্য ভারতীয় অন্য ভাষা মিলিয়ে এ ছবির বর্তমান আয় ৫২১ কোটি ৪১ লাখ।