তারা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। রাস্তার সমান্তরালে এগিয়ে চলেছে রেললাইন। হঠাৎই দেখলেন একটা ট্রেনের ওপর দাঁড়িয়ে আছেন স্বয়ং টম ক্রুজ। তাদের অবাক দৃষ্টি দেখে হাসি দিয়ে হাতও নাড়লেন—ঠিক এমনটাই ঘটেছে নরওয়েতে। সেখানে শুরু হয়েছে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির সপ্তম ছবির শুটিং। এ বিরল ঘটনার সাক্ষী এক নরওয়েজিয়ান সে ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘মাঝে মাঝে আপনি সঠিক সময়ে একেবারে ঠিক জায়গায় হাজির হয়ে যাবেন।’
মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজিতে একাধিকবার রোম দাঁড় করিয়ে দেয়া বিভিন্ন স্টান্ট করতে দেখা গেছে টম ক্রুজকে। এবারো ব্যতিক্রম হচ্ছে না। নরওয়েতে চলন্ত ট্রেনের ওপর অ্যাকশন দৃশ্যে তাকে দেখা গেল স্টান্ট করতে। সেই দৃশ্য আবার কাকতালীয়ভাবে ধারণ করেছেন ট্রেনের পাশ দিয়ে গাড়িয়ে চালিয়ে যাওয়া কয়েকজন নরওয়েবাসী। ভিডিওগুলো সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে মুহূর্তেই।
মিশন ইম্পসিবল সেভেনের পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারিও টম ক্রুজের ট্রেন স্টান্টের একটি দৃশ্য শেয়ার করেছেন। তিনি সঙ্গে লিখেছেন, ‘নরওয়ের সৌন্দর্য আমাদের চলচ্চিত্রের ওপর অনপনেয় ছাপ রেখেছে। আমাদের মিশন ইম্পসিবল টিমের সবার পক্ষ থেকে নরওয়েজিয়ান ফিল্ম ইনসেনটিভ, নরওয়ে রেলওয়ে মিউজিয়ামকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে আরো যারা আমাদের ছবির কাজকে সহয়তা করছেন, তাদেরও ধন্যবাদ জানাই এবং অবশ্যই এখানকার পর্বতশ্রেণীকে।’
মিশন ইম্পসিবল সেভেনের শুটিং মহামারীর কারণে ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি সামাজিক দূরত্ব এবং অন্যান্য নির্দেশনা মেনে নরওয়েতে এর শুটিং শুরু হয়েছে।
মিশন ইম্পসিবল সিরিজে বহুবার মৃত্যুর ঝুঁকি নিয়ে স্টান্ট করেছেন টম ক্রুজ। ২০১৮ সালে তারসহ অভিনেতা সিমন পেগ বলেছিলেন, ‘আপনারা যখন পর্দায় টমের অ্যাকশন দৃশ্যগুলো দেখেন তখন জানেন যে সে এখনো জীবিত আছে। কিন্তু আমরা যারা সরাসরি তাকে এগুলো করতে দেখি তারা জানি না শেষমেশ তিনি সুস্থ শরীরে থাকবেন কিনা।’
সূত্র: হিন্দুস্তান টাইমস ও দ্য ওয়ার্প










