দেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘তুমি অম্লান’
শিরোনামে একটি গান রচনা করেছেন তরুণ গীতিকার আহমেদ রব্বানী। গানটির সুর সংগীত করেছেন মহিদুল হাসান মন। গানের কথা, ‘তুমি অম্লান তুমি অক্ষয় তুমি যে চির অমর, সুরের জাদুতে ভরিয়েছো মন ওগো কণ্ঠের জাদুকর’। এরই মধ্যে গানটি মুন মিউজিক স্টুডিও’
ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের শিল্পী শাহীন খান।
গানটি প্রসঙ্গে গীতিকার আহমেদ রব্বানী বলেন, ‘শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর দাদা আমার ভীষণ প্রিয় একজন কণ্ঠশিল্পী। তিনি নেই এ কথা আমি মানতে রাজি নই। তিনি আছেন। তিনি বেঁচে থাকবেন তার হাজার হাজার গানের মাঝে। দাদার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে নিয়ে একটি গান রচনার চেষ্টা করেছি। জানিনা শ্রোতা দর্শকের গানটি কেমন লাগবে। তবে গানটি অনেক দরদ দিয়ে গেয়েছেন শাহীন খান। আর যিনি সুর ও সংগীতায়োজন করেছেন তিনিও অনেক আবেগ দিয়ে কাজটি করেছেন। আমি গানটি নিয়ে খুব আশাবাদী।’










