কিয়ানু রিভস দর্শকের কাছে কেন প্রিয়? উত্তর অনেক আছে, তবে বেশি জনপ্রিয় হয়েছেন জন উইক দিয়ে। ফ্র্যাঞ্চাইজির প্রায় প্রতিটি সিনেমাই দারুণ সাড়া পেয়েছে বক্স অফিসে। সে কারণেই এ সিনেমার পর একই চরিত্র নিয়ে তৈরি হচ্ছে সিরিজ। আর সিরিজ নির্মাণের সঙ্গে সরাসরি যুক্ত লায়ন্সগেট টেলিভিশন। তাদের তত্ত্বাবধানে নির্মাণকাজ চলছে। তবে এখনো কোনো ওটিটি বা স্ট্রিমিং প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়নি।

লায়ন্সগেট আনুষ্ঠানিকভাবে বলেছে, ‘জন উইক তার নিজের জায়গা থেকে অসাধারণ একটা ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে। নতুন গল্পে বেশকিছু নতুন চরিত্র যুক্ত হওয়ার পাশাপাশি আরো কিছু চরিত্র পুরনো স্থানেই আছে। অর্থাৎ সিরিজটি নতুন ও পুরনো চরিত্র নিয়ে এগিয়ে যাবে।’

জন উইক পরিচালনা করেছিলেন চ্যাড স্ট্যাহেলস্কি। কিন্তু এবার তিনি থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবে। রবার্ট লেভিন থাকছেন এ সিরিজের শো-রানার ও লেখক হিসেবে। স্ট্যাহেলস্কি এ বছরের জানুয়ারিতেই সিনেমাটি নিয়ে লায়ন্সগেটের সঙ্গে চুক্তি করেছিলেন। কিন্তু এখনো কোনো স্ট্রিমিং সাইট বা প্রচার মাধ্যম নিয়ে কোনো তথ্য দেয়া হচ্ছে না। তবে এ নিয়ে আলোচনা চলছে বলেই জানাচ্ছে বিনোদন গণমাধ্যমগুলো।

সূত্র: ভ্যারাইটি