সিনেওয়ার্ল্ড ব্রিটেনের সবচেয়ে বড় চলচ্চিত্র প্রদর্শক এবং উত্তর আমেরিকায় দ্বিতীয় বৃহত্তম। জেমস বন্ড সিরিজের নো টাইম টু ডাইয়ের মুক্তি আগামী বছর পিছিয়ে যাওয়ায় এই মেগা-মুভি থিয়েটার চেইন সিনেওয়ার্ল্ড যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তাদের সবগুলো হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটেনের কোম্পানি সিনেওয়ার্ল্ড যুক্তরাজ্যের সবচেয়ে বড় সার্কিট, এখানে তাদের সাইট আছে ১২০টি। যুক্তরাষ্ট্রে তারা সেখানকার দ্বিতীয় বৃহত্তম চেইন, যুক্তরাষ্ট্রে কোম্পানিটি রিগাল সিনেমার ব্যানারে কার্যক্রম পরিচালনা করে। দেশটিতে তাদের লোকেশনের সংখ্যা ৫৪০। যুক্তরাষ্ট্রে এ হলের অনেকগুলোই পুনরায় খোলেনি।
যুক্তরাষ্ট্রের আরো দুটি বড় চেইন এএমসি থিয়েটারস ও সিনেমার্ক থিয়েটারসও পুনরায় তাদের চালু করা হলগুলো বন্ধ করে দিতে পারে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো আশা করেছিল আগামী কিছুদিনে বড় ছবিগুলো মুক্তি পেলে তাদের ব্যবসা স্বাভাবিক হবে। কিন্তু সর্বশেষ বন্ড ফিল্ম নো টাইম টু ডাইয়ের মুক্তি আগামী বছরে পিছিয়ে যাওয়ায় সবাই হতাশ। এ নভেম্বর থেকে ছবির মুক্তি আগামী এপ্রিলে পিছিয়ে গেছে। ডিজনি ও পিক্সারের সৌলের মুক্তি এ বছরের শেষ থেকে আগামী বছরে চলে যাওয়ার বিষয়টিও প্রায় নিশ্চিত। পিছিয়েছে ব্ল্যাক উইডো ও ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটিফোর।
গত কয়েক মাসে সিনেওয়ার্ল্ডের আয় অব্যাহতভাবে হ্রাস পেয়েছে। সিনেওয়ার্ল্ডের স্টক হ্রাস পেয়েছে ১৫ শতাংশ। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, এ মহামারী শেষ পর্যন্ত তাদের ব্যবসায় কী প্রভাব ফেলবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সূত্র: হলিউড রিপোর্টার










