ছোট পর্দায় নিয়মিত অভিনয় করেন সাবিলা নূর। আর বিশেষ দিবসকে কেন্দ্র করে বেড়ে যায় তার ব্যস্ততা। ভিন্নধর্মী চরিত্রে প্রায় সময়ই দেখা দেন এ অভিনেত্রী। এবারো সেভাবেই ক্যামেরার সামনে দাঁড়ালেন সাবিলা। অভিনেত্রী সাবিলা নূরকে দেখে চেনার উপায় নেই! গায়ের রঙ খুব কালো। মুখটা ফ্যাকাশে। ‘বিদিশা’ নামের একটি নাটকে এভাবেই দেখা যাবে তাকে। নারী দিবস কেন্দ্র করেই নির্মাণ করা হয়েছে নাটকটি। 

‘বিদিশা’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটি নিয়ে রাজ বলেন, ‘সাবিলা নূরকে নতুন আঙ্গিকে দেখে দর্শক চমকে যাবেন। অনেক দিন মনে রাখার মতো অভিনয় করেছেন তিনি। নারী দিবসে নাটকটির মাধ্যমে নারীর সংগ্রাম ও বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কথা বলতে চেয়েছি।’

সাবিলা নূরের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, সমু চৌধুরী, এরফান মৃধা শিবলু, অতিথি ইসরাতসহ অনেকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর চিত্রায়ণ হয়েছে। ‘বিদিশা’ গল্পটি লিখেছেন আবুল বাশার পিয়াস। চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর। সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল। ৮ মার্চ নারী দিবসে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।