মুর্তজা বশীর বাংলাদেশের শিল্প অঙ্গনের পরিচিত নাম। তিনি চিত্রশিল্পী, কার্টুনিস্ট, ভাষাসৈনিক ও গবেষক। ১৯৩২ সালের ১৭ আগস্ট জন্ম এ কৃতী শিল্পীর। ২০২০ সালের ১৫ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মুর্তজা বশীর ছিলেন ফ্যাশন সচেতন ও শৌখিন। পিতার সে বৈশিষ্ট্যকে তুলে ধরে স্মৃতিচারণ করেছেন তার কন্যা মুনিজা বশীর

প্রখ্যাত চিত্রশিল্পী, ভাষাসৈনিক, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত, মুদ্রাবিশারদ, লেখক এমন আরো অনেক গুণের অধিকারী আমার বাবা মুর্তজা বশীরের জীবনযাপন ছিল একেবারে সাধারণ, আটপৌরে। খুব সাধারণভাবে চলতেন। তবে ছিলেন আপাদমস্তক ফ্যাশন সচেতন। যখন যা ফ্যাশনের চল এসেছে, মোটামুটিভাবে সেটা অনুসরণ করেছেন। ৫০-৬০ দশকে স্লিম ফিট শার্ট, চাপা প্যান্ট, ৭০-এর দশকে রঙচঙে শার্ট, জিন্স, বেলবটম প্যান্ট, বাবরি চুল, চওড়া বেল্ট—সবই পরেছেন তিনি সময়ে সময়ে। পোশাক নিয়ে তার রুচিবোধ সবাইকে বিস্মিত করত। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পোশাকের ব্যাপারে তিনি রুচিশীলতার পরিচয় দিয়েছেন।

রঙিন পোশাক তার পছন্দ ছিল। কেউ কখনো ফ্যাকাশে রঙের কোনো শার্ট বা পাঞ্জাবি দিলে তিনি বলতেন, তোমরা তো আমাকে বুড়া বানিয়ে দিচ্ছ।

তার লুঙ্গিপ্রীতি ছিল। একবার আম্মা আর আব্বু মিমি সুপার মার্কেটে যাবেন, আম্মা তৈরি হয়ে দেখল আব্বু লুঙ্গি আর ফতুয়া পরে রেডি। আম্মা তো অবাক! বললেন, তুমি কি লুঙ্গি পরে যাবে? আব্বু ভ্রু কুঁচকে জবাব দিলেন, ‘কেন? অসুবিধা কী? লুঙ্গি তো আমাদের জাতীয় পোশাক। শ্রীলংকান, নেপালিরা পরে না?’ আম্মা তো কিছুতেই যাবে না, কিন্তু শেষ পর্যন্ত আব্বুর জেদের কাছে হেরে যায়।

আমি যখনই দেশের বাইরে ব্যাংকক, মালয়েশিয়া কিংবা ইন্ডিয়ায় গিয়েছি আব্বু আমাকে লুঙ্গি আনতে বলতেন। ওইসব দেশের লুঙ্গি খুব কালারফুল হয়। আব্বু খুব পছন্দ করতেন। অনেক সময় দর্জিকে ডিজাইন দিয়ে দিতেন লুঙ্গির কাপড় কেটে শার্ট বানানোর জন্য। আমাদের পোশাকের ডিজাইনও আব্বু করতেন।

আব্বুর বাচনভঙ্গি, বলিষ্ঠ কণ্ঠস্বর, কেতাদুরস্ত পোশাকআশাক, হাতে পাইপ, চুরুট কিংবা সিগারেট সবাইকে আকৃষ্ট করত, যেকোনো অনুষ্ঠানে তিনি হয়ে উঠতেন মধ্যমণি।

২০১৩ সালে লাংস ইনফেকশনে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুমুখে চলে গিয়েছিলেন আব্বু। কিন্তু প্রচণ্ড মানসিক শক্তির অধিকারী আব্বু আল্লাহর অশেষ রহমতে আবার ফেরত আসেন। জীবনের শেষ দিন পর্যন্ত তাকে পোর্টেবল অক্সিজেন নিয়ে চলাচল করতে হয়েছে। ৮৮ বছর বয়সেও তার ছিল চিরযুবা মন। ২০১৭ সালের ১৩ মে আম্মা মারা যাওয়ার পর আব্বু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

২০২০ সালের ১৫ আগস্ট করোনা মহামারীতে আব্বু চলে গেলেন অনন্তকালের পথে। আমার এখনো মনে হয়, এটা একটা দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলে আবার সব আগের মতো হয়ে যাবে। আব্বু বলবে, ‘কিরে, কয়দিনের সফরে আসলি?’