ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ে নিজেকে ভেঙে ভিন্ন ধরনের চরিত্রে তুলে ধরার চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন। গৎবাঁধা গল্পের বাইরে গিয়ে নতুন ধরনের কাজ বেছে নেয়াকেই তিনি এখন বেশি গুরুত্ব দিচ্ছেন।
এ ভাবনা থেকেই সম্প্রতি তিনি অভিনয় করেছেন ভিন্ন ধাঁচের একক নাটক ‘টিপু সুলতান’-এ। নাটকটি সদ্য প্রকাশ পেয়েছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। নাটকটির কাহিনী ও পরিচালনায় রয়েছেন এ কে পরাগ। এতে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।
এর আগেও মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল। এর মধ্যে রয়েছে ‘রূপসী স্টুডিও’, ‘অনেকদিন পরে’, ‘মায়া’, ‘হ্যালো গাইস’, ‘শুধু তোমার জন্য’, ‘প্রপস’, ‘বিয়ের পরের পিনিক’, ‘সরি স্যার’, ‘সিকিউরিটি গার্ড’, ‘একজন মধ্যবিত্ত বলছি’সহ আরো বেশ কয়েকটি নাটক। এসব নাটকে জুটিটি দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলেছে।
কেয়া পায়েল বলেন, ‘শুধু জনপ্রিয়তার মোহে অভিনয় করে যাচ্ছি, বিষয়টি এমন নয়। অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে একজন পরিণত শিল্পী হিসেবে তুলে ধরার চেষ্টা সবসময়ই ছিল।’
মুশফিক আর ফারহানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, নির্মাতারা নতুন গল্পে তাদের জুটি করার বিষয়ে আগ্রহী হয়েছেন।
এ জুটির আরো একটি নতুন নাটক শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। নাটকটির নাম ‘ইউ অ্যান্ড মি ফরএভার’। অবয়ব সিদ্দিকীর গল্পে নাটকটি পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। নাটকটি জাগো এন্টারটেইনমেন্ট থেকে মুক্তি পাবে বলে তিনি জানান।
ক্যারিয়ার ও কাজ বাছাই নিয়ে কেয়া পায়েল সরাসরি বলেন, ‘আমি জনপ্রিয়তার স্রোতে গা ভাসাতে চাই না। এমন কাজই করতে চাই, যেগুলো দর্শকের মনে ছাপ ফেলে যাবে। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে বুঝেছি, দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিতে হলে ভালো কাজের বিকল্প নেই।’ অভিনয় নিয়ে নিয়মিত নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।
এদিকে কেয়া পায়েল অভিনীত একক নাটক ‘কোটিপতি’ এরই মধ্যে দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির দুই সপ্তাহের মধ্যেই নাটকটি ২১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। পাশাপাশি তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘এটি আমাদেরই গল্প’ও দর্শকের প্রশংসা কুড়াচ্ছে।
চলতি বছরের বিভিন্ন সময়ে কেয়া পায়েল অভিনীত আরো কিছু ভিন্ন ধাঁচের নাটক প্রকাশ পাবে বলেও তিনি জানান।










