পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় নিজের অবস্থান বেশ দৃঢ় করেছেন তিনি, আবার হিন্দি সিনেমায়ও তার উজ্জ্বল উপস্থিতি। তার নাম পরমব্রত চট্টোপাধ্যায়। ভারতীয় এ অভিনেতার জীবনজুড়েই রয়েছে নানা উত্থান-পতন। মাঝে মাঝে বাধা পেলেও আবার পথচলা শুরু করেছেন নতুন উদ্যমে।

সেসব নিয়েই তিনি কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে। তিনি বলেন, ফ্রিল্যান্স কাজ করতে গিয়ে আমার মতো আরো অনেকেই কিছু পতনের মধ্যে দিয়ে যায়। কখনো আবার তারা শীর্ষেও চলে যায়। সেখানে আমার গল্পটাও ভিন্ন ছিল না। তবে এখনো বলতে পারি না বৃত্তটা সম্পন্ন হয়েছে নাকি হয়নি। আরো হয়তো পতন, উত্থান ও আরো বেশি পতন আসবে। আশা করি, তারপর আবার উচ্চতায় পৌঁছনো যাবে। যদি পেছন ফিরে তাকাই, তা হলে বুঝি কোনটা নিম্ন ধারা ছিল আর কোনটা ছিল না। কিন্তু যখন কাজ করছিলাম তখন হয়তো সেটা বুঝতেই পারিনি। আমার শুধু মনে হতো, মানুষ কেন আমাকে ভুল বুঝছে? কেন আমি দর্শকদের সঙ্গে আমার শিল্পচর্চার মূলভাব দিয়ে সংযোগ ঘটাতে পারছি না। তবে সে সময়ে বোঝার থেকে এখন সময়টা পেরিয়ে এসে সেটা পর্যালোচনা করে বোঝাটা বেশি জরুরি।

হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথোপকথনে তিনি তার দাদু ঋত্বিক ঘটকের কথাও বলেন। তার মতে, ঋত্বিক ঘটকের নাতি হওয়ার কারণে বাড়তি কিছু হয়নি, কারণ তিনি খুব মহান ও শ্রদ্ধেয় চলচ্চিত্রপরিচালক ছিলেন। কিন্তু কিছু নির্দিষ্ট জনসমাগমে তিনি সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত ও জনপ্রিয় ছিলেন না। তাই আমার পরিবারের অন্য অনেকের মতো আমিও তার কিছু নির্দিষ্ট প্রভাব পেয়েছি। এর বাইরে গিয়ে ঋত্বিক ঘটক দাদু হওয়ার কারণে আমার পেশাজীবনের অনেক সিদ্ধান্ত প্রভাবিত হয়েছে।

দুই দশকের বেশি সময় এ ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন পরমব্রত। দীর্ঘ সময়ে যা কিছু বদলেছে, সে বিষয়ে এ অভিনেতা বলেন, এ সময়ে সিনেমা বানানো আরো বেশি দ্রুততর প্রক্রিয়া হয়ে গিয়েছে। যদিও কিছু বড় বড় বিষয় যুক্ত হয়েছে। যেমন সবকিছুর দাম বেড়ে যাওয়া, হয়তো সিনেমা বানানোর পোস্ট প্রসেস এখন অনেক সহজ হয়ে গিয়েছে, কিন্তু কিছু বিষয় আমরা হারিয়েও ফেলছি। আমরা সেটের ভেতরে নির্দিষ্ট কিছু শৃঙ্খলা ও ডেকোরাম হারিয়ে ফেলেছি। সেটাই আমরা আবার ফিরিয়ে আনতে পারি, বাকি সব মোটামুটি ঠিক আছে।

লিঙ্গ সমতার ক্ষেত্রে সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো পরিবর্তন দেখেন কিনা এমন প্রসঙ্গে পরমব্রত বলেন, ১৫ বছর আগের তুলনায় মানুষ এখন অনেক বেশি সচেতন। আগে কিছু কৌতুক হরহামেশাই বলা হতো, এখন সেগুলো আমি আক্রমণাত্মক হিসেবে নিতে পারি আর ঘর থেকে বেরিয়ে যেতে পারি। তবে ঠিক কতটা লিঙ্গ সমতা এ ইন্ডাস্ট্রিতে এসেছে তা আমি বলতে পারব না।

৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে পরমব্রত অভিনীত বৌদি ক্যান্টিন সিনেমা। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, বৌদি ক্যান্টিনকে আমি কোনো ইস্যুভিত্তিক সিনেমা বলব না, বরং এখানে নারী ক্ষমতায়নকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হবে। আশি-নব্বইয়ের দশকে যখন আমি বেড়ে উঠছি, তখন থেকেই নারী ক্ষমতায়ন নিয়ে নানা ধরনের কথা শুনছি। কিন্তু আমার মনে হয় সেখানে আমরা কিছুটা বাস্তবতা হারিয়ে ফেলেছি। নিজেরাই যে নিজেদের ফাঁদে পড়ে গিয়েছি সে সত্য আমরা দেখতে পাচ্ছি না। সে জায়গাটাই এ সিনেমায় একটু মধুরভাবে আলোচনা করা হয়েছে।