বছরের পর বছর ধরে চলা লুকোচুরি, সাক্ষাৎকারে লাজুক হাসি আর সযত্নে এড়িয়ে চলা সব প্রশ্নের অবসান ঘটল। অনুরাগীদের দেয়া নাম ‘ভিরোশ’ এখন আর কেবল হ্যাশট্যাগ নয়, বরং এক রাজকীয় পরিণয়ের শিরোনাম।
গল্পের শুরুটা ২০১৭ সালে। ব্যক্তিগত জীবনে রাশমিকা তখন এক ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছিলেন; বিচ্ছেদ ঘটেছিল রক্ষিত শেঠির সঙ্গে তার দীর্ঘদিনের বাগদানের। ঠিক সে টালমাটাল সময়েই ‘গীতা গোবিন্দম’-এর সেটে প্রথম দেখা। একদিকে বিজয় দেবরকোন্ডার উদ্ধত ‘অর্জুন রেড্ডি’ ইমেজ, অন্যদিকে রাশমিকার স্নিগ্ধ চপলতা—ক্যামেরার পেছনে এ দুই বিপরীত মেরুর আকর্ষণ তৈরি হতে সময় লাগেনি। পর্দার ইনোসেন্ট প্রেম দ্রুতই অফ-স্ক্রিন বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল।
‘গীতা গোবিন্দম’-এর মিষ্টি প্রেমের রেশ কাটতে না কাটতেই ২০১৯ সালে এ জুটি পর্দায় ফিরে আসেন ‘ডিয়ার কমরেড’ নিয়ে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। এর পরের কয়েকটা বছর ছিল ‘ডিটেকটিভ’ অনুরাগীদের জয়জয়কার। কিন্তু ক্যামেরার সামনে বারবার তারা নিজেদের সম্পর্ক অস্বীকার করে ‘শুধুই বন্ধু’ বলে দাবি করেছেন।
২০২০-২২; এ কয়েক বছর ধরে রাশমিকা ও বিজয় অত্যন্ত সূক্ষ্মভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্কের ইঙ্গিত দিয়ে গেছেন। কখনো মালদ্বীপের একই রিসোর্টের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে তোলা ছবি, আবার কখনো বিজয়ের পারিবারিক অনুষ্ঠানে রাশমিকার উজ্জ্বল উপস্থিতি সবকিছুই তাদের সম্পর্ক জানান দিচ্ছিল।
২০২৩-২৪ সালে ‘অ্যানিমেল’ ছবির প্রচারণায় রণবীর কাপুর যখন দুষ্টুমি করে রাশমিকাকে তার জীবনের ‘আসল হিরো’র নাম জিজ্ঞাসা করেন, বিন্দুমাত্র দ্বিধা না করে রাশমিকা উচ্চারণ করেছিলেন বিজয়ের নাম।
২০২৫ সালে খবর আসে, হায়দরাবাদে বিজয়ের বাসায় ঘরোয়া আয়োজনে তাদের আংটি বদল সম্পন্ন হয়েছে। এ বছরই নিউইয়র্কের রাস্তায় বিজয় ও রাশমিকাকে হাতে হাত রেখে হাঁটতে দেখা যায়। ভাইরাল হওয়া সেই ছবিগুলো যেন তাদের সম্পর্কের আনুষ্ঠানিক সিলমোহর।
অবশেষে উদয়পুরের লেক পিচোলার পাড়ে এক বিলাসবহুল রিসোর্টে বসছে ‘দ্য ওয়েডিং অব ভিরোশ’-এর আসর। ‘গীতা গোবিন্দম’-এর সেই তরুণ তুর্কি আর ‘ডিয়ার কমরেড’-এর লড়াকু লিলি আজ বাস্তবে জীবনসঙ্গী হতে যাচ্ছেন। ভক্তদের উদ্দেশে যৌথ বার্তায় বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এ তারকা জুটি। আগামী ৪ মার্চ হায়দরাবাদে হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।










