সনি পিকচার্স পরিবেশিত সিনেমা বুলেট ট্রেন চলছে বুলেট গতিতে। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি রয়েছে শীর্ষস্থানে। ৪ হাজার ৩৫৭টি উত্তর আমেরিকান থিয়েটারে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় হয়েছে ১ কোটি ৩১ লাখ ডলার। সিনেমাটি শুধু টিকিট বিক্রি করেই আয় করেছে ১ কোটি ডলার।
বড় পর্দায় দুই সপ্তাহ পার করার পর ব্র্যাড পিট অভিনীত বুলেট ট্রেন অভ্যন্তরীণ বক্স অফিস থেকেই আয় করেছে মোট ৫ কোটি ৪৪ লাখ ডলার। গত ১১ থেকে ১৩ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো এবারের সপ্তাহান্তের চিত্রটা দেখা যাচ্ছে। সে সময় ডেথ অন দ্য নাইল ১ কোটি ২৩ লাখ ডলারে খুব দুর্বল ওপেনিং করে এবং জেনিফার লোপেজের রোমান্টিক কমেডি ‘ম্যারি মি’ আরো কম দিয়ে ওপেনিং করে।
প্যারামাউন্টের সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’ মুক্তি পাওয়ার ১২তম সপ্তাহে রয়েছে দ্বিতীয় স্থানে। অ্যাকশন সিকুয়াল এ সিনেমা এখনো বেশ অভূতপূর্ব ব্যবসা করে যাচ্ছে। সপ্তাহান্তে ৩ হাজার ১৮১টি ভেনু থেকে সিনেমাটি আয় করেছে ৭১ লাখ ডলার। সেই সঙ্গে সিনেমাটির অভ্যন্তরীণ আয় দাঁড়িয়েছে ৬৭ কোটি ৩৮ লাখ ডলারে। তার মানে দাঁড়ায় মার্ভেলের ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’কে সরানোর জন্য ম্যাভেরিক মাত্র ৫০ লাখ ডলার দূরে রয়েছে। অভ্যন্তরীণ বক্স অফিসের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ আয়ের অবস্থানে রয়েছে অ্যাভেঞ্জারস।
তাছাড়া অভ্যন্তরীণ বক্স অফিস চার্টে ডিসি লিগ অব সুপার পেটস, জর্ডাল পিলের ইউএফও থ্রিলার ‘নোপ’ ও ডিজনীর ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ তৃতীয় থেকে পঞ্চম অবস্থানে রয়েছে।
ডিসি লিগ অব সুপার পেটস ৩ হাজার ১৮১টি থিয়েটার থেকে ৭১ লাখ ডলার আয় করেছে, যেটা আগের সপ্তাহ থেকে ৩৫ শতাংম কম। তবে হতে পারে চূড়ান্ত টালিতে সেটা ম্যাভেরিকের ওপরে চলে যাবে। শিশুবান্ধব ডিসি কমিকস অ্যাডভেঞ্চারটি অভ্যন্তরীণ বক্স অফিসে ৫ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে।
সব মিলিয়ে বুলেট ট্রেন শীর্ষে থাকা আর টপ গান: ম্যাভেরিকের ভালো সময়েও এ মাসে খুব একটা ভালো নেই হলিউডের বক্স অফিস।
সূত্র: ভ্যারাইটি










