শিল্পের বিভিন্ন খাতে ব্র্যাড পিটের আগ্রহ রয়েছে। এর মধ্যে ভাস্কর্য অন্যতম। তবে সেসব কখনো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেননি। এবার ফিনল্যান্ডে একটি প্রদর্শনীতে প্রথমবারের মতো ভাস্কর্যগুলো প্রকাশ্যে আনলেন তিনি। এটি বলা চলে ব্র্যাড পিটের সর্বপ্রথম পাবলিক এক্সিবিশন। আর ভাস্কর্যের ক্ষেত্রে ব্র্যাড পিট স্বশিক্ষিত। ফিনল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর ট্যাম্পেয়ারের সারা হিল্ডেন আর্ট মিউজিয়ামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ প্রদর্শনীতে পিটের সঙ্গে ছিলেন ব্রিটিশ শিল্পী হৌসেয়াগো ও অস্ট্রেলিয়ান শিল্পী নিক কেভ। নিক কেভের একটি সিরামিক সিরিজ এখানে প্রদর্শিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইলেকে ব্র্যাড পিট বলেন, ‘নিক ও আমার জন্য এটা একটি নতুন অভিজ্ঞতা। আমরা প্রথমবারের মতো এ ধরনের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। বিষয়টি খুবই আনন্দদায়ক।’

প্রদর্শনীতে ব্র্যাড পিটের নয়টি শিল্পকর্ম স্থান পায়। এর একটিতে ঢালাই করা প্লাস্টার প্যানেলে বন্দুকযুদ্ধ তুলে ধরেন। এছাড়া রয়েছে ঘরের আকৃতির সিলিকন ভাস্কর্য। ভাস্কর হিসেবে পিটের আবির্ভাব অতিসাম্প্রতিক। ভাস্কর্য তৈরি এবং এ ধরনের বিষয়ে নিজের সংযুক্তি সম্পর্কে পিট বলেন, ‘আমার জন্য এটা নিজেকে দেখার মতো একটি বিষয়। আমি আমার সম্পর্কের ক্ষেত্রে যেখানে ভুল করেছি ও ভুল পদক্ষেপের প্রতিবিম্ব।’

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এ শিল্পে হাতেখড়ি হয় তার। ২০১৭ সালে হৌসেয়াগোর লস অ্যাঞ্জেলেস স্টুডিওতে দিনে ১৫ ঘণ্টা সময় কাটাতেন।

ব্র্যাড পিটের এ প্রদর্শনীতে অংশগ্রহণ ও উপস্থিতি নিয়ে আয়োজকরাও আনন্দিত। প্রধান কিউরেটর সেরিয়াইন সোইকোনেন বলেন, ‘এটি আমাদের জন্য আনন্দদায়ক।’ ব্র্যাড পিটের নায়ক থেকে ভাস্কর হওয়ার যাত্রাটি ভক্তদের মধ্যেও তার নতুন পরিচয় তৈরি করবে। এর মধ্যে গত মাসে মুক্তি পেয়েছিল ব্র্যাড পিট অভিনীত সিনেমা বুলেট ট্রেন। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। পোস্ট প্রডাকশনে রয়েছে ব্যাবিলন। এছাড়া তিনি প্রযোজনা করেছেন মেরিলিন মনরোর জীবনীভিত্তিক নেটফ্লিক্সের সিনেমা ‘ব্লন্ড’।

 

সূত্র: ইয়ন