দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তার একাধিক গান দর্শক সমাদর পেয়েছে সীমানা ছাড়িয়ে। নিজ দেশের সীমানার বাইরেও বাংলাদেশে তার ভক্ত রয়েছে, তাই বাংলাদেশের সিনেমায়ও গান গেয়েছেন এ শিল্পী। এছাড়া দেশের অনেক সংগীতশিল্পীর সঙ্গে গান করেছেন নচিকেতা। চলতি বছরের মার্চেই ঢাকা এসেছিলেন তিনি। নতুন খবর হলো এবার ঢাকার শ্রোতাদের গান শোনাতে আসছেন। ১০ নভেম্বর নচিকেতা ঢাকার মঞ্চে সংগীত পরিবেশন করবেন। ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শিরোনামের এ কনসার্টে শিল্পী জয় শাহরিয়ারও গান গাইবেন। রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে এ আয়োজনের মূল উদ্দেশ্য নচিকেতার সংগীত ক্যারিয়ারের ৩০ বছর উদযাপন।

কলকাতায় এরই মধ্যে এ আয়োজন উদযাপিত হয়েছে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে। এরই ধারাবাহিকতায় ঢাকায় শিল্পীর অনুরাগীদের জন্য এমন আয়োজন করছে ‘আজব রেকর্ডস ও আজব কারখানা’।

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে দিয়েছেন ভিডিও বার্তা। ঢাকাই শ্রোতাদর্শকদের এ কনসার্টের আমন্ত্রণ জানিয়ে নচিকেতা বলেন, ‘১০ নভেম্বর কেআইবিতে আপনারা আসুন, আমি তো আসছিই।’

জীবনমুখী বাংলা গানের এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা। তার গানে ফুটে উঠেছে রাজনীতি ও সমাজের বিভিন্ন দিক। এখনো তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ‘বৃদ্ধাশ্রম’, ‘আমি সরকারি কর্মচারী’, ‘নীলাঞ্জনা’। বর্তমানে আগের মতো নতুন গান বা অ্যালবাম প্রকাশে খুব বেশি নিয়মিত নন তিনি। তার ঢাকার ভক্তরা প্রিয় গায়কের গান শোনার অপেক্ষায় আছেন, যা স্পষ্ট হয় সামাজিক যোগাযোগমাধ্যমে নচিকেতার ঢাকার আগমনের পরই। কনসার্ট নিয়ে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, ‘‌গত জুলাইয়ে আমি যখন কলকাতায় যাই, তখন নচিকেতা দাদাকে বলেছিলাম বাংলাদেশে তার ৩০ বছর উদযাপন করতে চাই। একটা কনসার্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। কিছুদিন পরই দাদা কনসার্টটির বিষয়ে সম্মতি দেন। মূলত তার ক্যারিয়ারের এ উদযাপন করতেই এ কনসার্ট।’

এরই মধ্যে অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে। এ অনুষ্ঠানের সহযোগী হিসেবে আছে টফি, গোযায়ান, নেসক্যাফে, আমার পে ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।