বাংলাদেশের আলোচিত টেলিভিশন নাটক ‘অয়োময়’। হুমায়ূন আহমেদ রচিত নাটকটি প্রচার হয়েছিল বিটিভিতে। এ নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান, আবুল হায়াত, মোজাম্মেল হোসেন, কেএস ফিরোজ, ড. ইনামুল হক, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, সালেহ আহমেদ, সারা যাকের, তারানা হালিম, বিপাশা হায়াত, আফজাল শরীফসহ আরো অনেকে। অয়োময় পরিচালনা করেছিলেন নওয়াজীশ আলী খান। ১৯৯০-৯১ সালে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হয়। সম্প্রতি এ নাটক নিয়ে স্মৃতিচারণ করেন আসাদুজ্জামান নূর ও দিলারা জামান।

বয়সের পার্থক্য কম হলেও নাটকে দিলারা জামান অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূরের মায়ের চরিত্রে। এরপর তারা আরো কয়েকটি নাটকে মা-ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু অয়োময়ই ছিল আলোচনার শীর্ষে। আসাদুজ্জামান নূর এ নিয়ে বলেন, ‘আমার ও দিলারা আপার বয়সের পার্থক্য খুব বেশি একটা না। তিন কিংবা চার বছরের বড়-ছোট আমরা। আমি দিলারা আপাকে আপা বলেই সম্বোধন করি। কিন্তু অয়োময় নাটকে অভিনয় করার কারণে মনে হয় যে আপার সঙ্গে আমার বয়সের পার্থক্যটা হয়তো অনেক বেশি। আমাদের নিয়ে কিন্তু ভাই বোনেরও গল্প হতে পারত। কিন্তু হলো না। ওই যে দর্শক অয়োময়তে মা ও ছেলে হিসেবে আমাদের গ্রহণ করে নিয়েছে, সেটা আর কেউ পরবর্তী সময়ে ভাঙার সাহস করেনি।’

কিন্তু নাটকটি দারুণ জনপ্রিয় ও প্রশংসিত হয়েছিল। তাদের দুজনকেও দর্শক গ্রহণ করেছিল। এ নিয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘দর্শক আমাদের মা-ছেলেকে গ্রহণ করে নিয়েছে এবং এখনো যখন অয়োময়র প্রসঙ্গে আলোচনা আসে, তখন কিন্তু মির্জা ও তার মায়ের গল্পই আসে। শিল্পী হিসেবে এটাই আসলে অনেক ভালো লাগার।’ 

দিলারা জামান বলেন, ‘নূর আমাদের দেশের অত্যন্ত গুণী ও ভীষণ জনপ্রিয় অভিনেতা। এতে কোনোই সন্দেহ নেই। অয়োময়য় আমার ছেলে মির্জার ভূমিকায় অভিনয় করে সে সময়টায় বেশ আলোচনায় চলে এসেছিল। অভিনয়ের পাশাপাশি রাজনীতিবিদ হিসেবেও নূর বেশ সফল। পাঁচ-পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। রাজনীতিবিদ হিসেবে নূর বেশ জনপ্রিয়।’ 

এখন আর দুজনকে আগের মতো নাটকে দেখা যায় না। এ নিয়ে দিলারা জামান বলেন, ‘অভিনেতা হিসেবে নূর এখনো দর্শকের ভীষণ পছন্দের। এখনো নির্মাতারা তাকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন। একজন অভিনেতা হিসেবে এটা অনেক বড় প্রাপ্তি। অবশ্যই যদি ভালো কোনো গল্প ব্যাটে বলে মিলে যায়, কাজ করার আগ্রহ আমাদের দুজনেরই আছে।’

অয়োময় মূলত ব্রিটিশ শাসনামলের ঘটনা নিয়ে লেখা। বাংলার একটি ক্ষয়িষ্ণু জমিদার (ভূস্বামী) পরিবারকে কেন্দ্র করে এগিয়েছে। নাটকে মির্জা চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর।