বরেণ্য সংগীতশিল্পী খালিদ হাসান মিলু প্রয়াত হলেও আজও বাংলা সংগীতে তার অবদান স্মরণ করা হয়। এ জনপ্রিয় সংগীতশিল্পীর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান বর্তমান প্রজন্মের শিল্পীদের মধ্যে অন্যতম। সম্প্রতি প্রতীক হাসানের নতুন দুটি মৌলিক গান প্রকাশ হয়েছে। একটি ‘তোমার মাঝে হারিয়েছি আমি’, অন্যটি ‘বাড়ছে ব্যথা’। প্রথম গানটি লিখেছেন ও সুর করেছেন সৈয়দা হেমা, সংগীতায়োজন করেছেন প্রতীক হাসান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি প্রকাশিত হয়েছে প্রতীক হাসান ইউটিউব চ্যানেলে। বাড়ছে ব্যথা গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর সংগীত করেছেন রেজওয়ান শেখ। দুটো গান নিয়েই ভীষণ প্রত্যাশা প্রতীক হাসানের। অন্যদিকে নতুন আরো একটি সিনেমার টাইটেল সংয়ে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান। সিনেমার নাম ওস্তাদ। পরিচালনায় সাইফ চন্দন। গানের কথা লিখেছেন অনিক বিশ্বাস ও সুর সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানের শিরোনাম সবাই বলে ওস্তাদ। এর আগে সাইফ চন্দনেরই পরিচালনায় প্রতীক আব্বাস সিনেমায় লাল মোরগের ঝুঁটি টাইটেল সংটি গেয়েছিলেন। এ নিয়ে প্রতীক হাসান বলেন, ‘নতুন দুটো গানের মধ্যে নদীর সঙ্গে দ্বৈত কণ্ঠের গান ‘তোমার মাঝে হারিয়েছি’ গানটি নিয়ে আমি বেশি আশাবাদী। কারণ গানটি অনেক মেলোডিয়াস। নদীও চমত্কার গেয়েছে। তার কণ্ঠটা অনেক মিষ্টি। বাড়ছে ব্যথা গানটিও চমত্কার। আর ওস্তাদের টাইটেল সংয়ের কথা ও সুর ভালো লেগেছে। গানটির চিত্রায়ণ যথাযথ হলে আমার কাছে মনে হয় সব মিলিয়ে এটি দর্শক শ্রোতার কাছে সমাদৃত হবে। বাকিটা সময়ের ব্যাপার।’ নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন প্রতীক হাসান। ২০ সেপ্টেম্বর একটি শোয়ে অংশ নেবেন তিনি। প্রতীক হাসান ও নওমীর গাওয়া ‘এই যে বিয়াইন সাব ভাব নিয়েন না’ গানটি আড়াই কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।