চলছে ঈদুল আজহার নাটকের প্রস্তুতি। একটি নাটক নির্মাণ করছেন জাকারিয়া শৌখিন। নাটকের নাম ‘মন দুয়ারী’। এরই মধ্যে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ফিকশনটির। এতে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। তার সঙ্গে আছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দিলারা জামান অপূর্ব’র দাদির চরিত্রে অভিনয় করেছেন।

অশীতিপর বয়সে নিয়মিত অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘এখন আমার বয়স ৮২। এ বয়সেও যে কাজ করছি সেটাই তো আসলে অনেক। মন দুয়ারী ফিকশনটিতে কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। তবে নির্মাতাদের বলব আমার বয়সটার দিকে খেয়াল রেখে আমাকে দিয়ে কাজ করানো উচিত। কারণ অন্যদের মতো আমি রাত জেগে কাজ করতে পারি না, অনেক কষ্ট হয়। কষ্টটা এ বয়সে সহ্য করা বা মেনে নেয়া অনেক কঠিন।’

নিজের চরিত্র ও অপূর্বকে নিয়ে বলেন, ‘নাটকে অপূর্ব আমার নাতির চরিত্রে যথারীতি খুব ভালো অভিনয় করেছে। সত্যি বলতে কী অপূর্ব এখন একজন পরিণত অভিনেতা। এককথায় চমৎকার অভিনয় করে।’

নির্মাতা ও নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘এটা সত্যি শৌখিন অনেক যত্ন নিয়ে কাজটি নির্মাণ করেছে। অপূর্বসহ আরো যারা এতে অভিনয় করেছে প্রত্যেকেই খুব চমৎকার অভিনয় করেছে। আমি ভীষণ আশাবাদী ফিকশনটি নিয়ে।’

এদিকে আগামী ১৩ জুন হৈচৈ ওটিটি প্লাটফরমে প্রকাশ পেতে যাচ্ছে অপূর্ব অভিনীত শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’।