শেষ হয়ে আসছে নভেম্বর। আর বাড়ছে অস্কার নিয়ে জল্পনা-কল্পনা। প্রতি বছরই এ সময় অস্কার নিয়ে নানা আলাপ হয়। কোন সিনেমা অস্কারে এগিয়ে আছে, কোনটির অস্কার পাওয়ার সম্ভাবনা আছে তা নিয়ে আলাপের পাশাপাশি থাকে অস্কার ক্যাম্পেইন। এসবের মধ্যেই কিছু গণমাধ্যম আলাপে নিয়ে আছে অস্কারের বিভিন্ন বিভাগে মনোনয়ন, সম্ভাব্য সিনেমা, অভিনেতা-অভিনেত্রী, পরিচালকের নাম। এবারো আসছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, ফ্র্যাংকেনস্টাইন, উইকেড: ফর গুড আলোচনায় আসছে। সেই সঙ্গে আছেন গিয়োর্মো দেল তোরো, কোল ঝাও, রায়ান কুগলার প্রমুখ।
অনেক ক্ষেত্রেই বছরের শুরুতে আসা সিনেমাগুলো আলোচনায় থাকলেও বছরের শেষে আসা সিনেমাগুলো অস্কারে জায়গা দখল করে নেয়। যেমন এ বছর শুরুতে সিনার্স নিয়ে খুব আলোচনা হলেও বছর শেষে এখন ফ্র্যাংকেনস্টাইন, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার আসছে আলাপে। অবশ্য সিনার্সকে বাদ দিচ্ছে না কেউ। তবে এ সিনেমাগুলো এগিয়ে থাকছে। প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে অনেকগুলো বিভাগে। যেমন পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ১৪টি, রায়ান কুগলারের সিনার্স ১৩টি, দেল তোরোর ফ্র্যাংকেনস্টাইন ১২টি, কোল ঝাওয়ের হ্যামনেট ১১টি ও জন এম চুর উইকেড: ফর গুড নয়টি বিভাগে মনোনয়নপ্রত্যাশী।

মজার ব্যাপার হলো ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ এখনো মুক্তি পায়নি। জেমস ক্যামেরনের এ সিনেমাটি মুক্তি পেলে আরো অনেক হিসাব-নিকাশ বদলে যাবে। মুক্তি না পেলেও সেরা সিনেমার মনোনয়ন দৌড়ে থাকছে সিনেমাটি। সঙ্গে থাকছে ফ্র্যাংকেনস্টাইন, হ্যামনেট, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট, জে কেলি, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স ও উইকেড: ফর গুড।
সেরা পরিচালকের তালিকায় এগিয়ে থাকছেন পল থমাস অ্যান্ডারসন, গিয়ের্মো দেল তোরো, রায়ান কুগলার, জাফর পানাহি ও কোল ঝাও। সেরা অভিনেতা হতে পারেন টিমোথি শ্যালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইথেন হক, মাইকেল বি জর্ডান ও ওয়েঙ্গার মৌরা। সেরা অভিনেত্রী হতে পারেন জেসি বাকলি, সিনথিয়া এরিভো, কেট হাডসন, চেজ ইনফেনিতি, রেনাতে রিনসেভ।
এদিকে পার্শ্ব অভিনেতার তালিকায় আছেন বেনিসিও দেল তোরো, জ্যাকব এলরদি, পল মেসকাল, শন পেন ও স্টেলান স্কারগার্দ। পার্শ্ব অভিনেত্রীর তালিকায় আছেন এলি ফ্যানিং, আরিয়ানা গ্রান্দে, রেজিনা হল, হেইলি স্টেইনফিল্ড, তেয়ানা টেইলর।
এ আলোচনার মধ্যে এখন অবধি ভ্যারাইটিসহ আরো কিছু গণমাধ্যম সিনেমার ক্ষেত্রে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, একই সিনেমার জন্য পরিচালক পল থমাস অ্যান্ডারসনকে এগিয়ে রাখছে। অভিনেতা বিভাগে ইথেন হক, অভিনেত্রী বিভাগে জেসি বাকলি, পার্শ্ব অভিনেতা স্টেলান স্কারগার্দ ও পার্শ্ব অভিনেত্রী বিভাগে এগিয়ে থাকছেন আরিয়ানা গ্রান্দে।
প্রতি বছরই এ রকম নানা পূর্বাভাস দেয়া হয়। সবই যে সত্য হয় এমন না তবে অস্কার যে এ তালিকা থেকেই কারো না কারো ঘরে যাবে তা নিশ্চিত করেই বলা যায়।










