দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটির প্রচার নিয়ে দর্শকের আগ্রহ থাকে সবসময়। নব্বইয়ের দশকে যাত্রা করা ইত্যাদির নিয়মিত উপস্থাপনায় ছিলেন হানিফ সংকেত। সে ধারাবাহিকতায় এবারো হানিফ সংকেত থাকছেন উপস্থাপনার দায়িত্বে। অনুষ্ঠান ধারণের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে বরাবরই ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি, প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে দর্শককে জানাতে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদির শুটিং করা হয়। সে ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে চায়ের দেশখ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের লেকপারের উন্মুক্ত মাঠে। এটিই হতে যাচ্ছে এ বছরের শেষ ইত্যাদি।
এ পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
ফাগুন অডিও ভিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকাংশ সময়ই রাতের আলোকিত মঞ্চে ইত্যাদি ধারণ করা হলেও এ স্থানের নৈসর্গিক রূপ রাতের বেলায় দেখানো সম্ভব নয় বলে এবার দিনের আলোর পড়ন্ত আভায় ইত্যাদির ধারণ শুরু হয়। অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৫ ডিসেম্বর।
মৌলভীবাজার জেলার ইতিহাস-ঐতিহ্য, বিভিন্ন প্রত্ননিদর্শন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও কীর্তিমান ব্যক্তিদের ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন থাকবে। দেখানো হবে সারা দেশে প্রশংসা কুড়ানো মৌলভীবাজার পৌরসভার পলিথিনহাট। এ পর্বেও অন্য পর্বের মতো থাকবে নানি-নাতির হাস্যরসাত্মক কৌতুকাভিনয়, গান, নৃত্যানুষ্ঠান, দর্শকের জন্য কুইজ পর্বসহ নিয়মিত সব আয়োজন।










