পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত নতুন ধারাবাহিক নাটক ‘পরম্পরা’। আশিস রায়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকারসহ একঝাঁক তারকা।
গতকাল দুপুরে দীপ্ত টিভির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্মাতা আশিস রায় জানান, পরম্পরা মূলত তিন প্রজন্মের জীবনবোধ, মূল্যবোধ ও সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত একটি পারিবারিক আখ্যান। নাটকটি আগামী ৩ জানুয়ারি থেকে দীপ্ত টিভিতে প্রচার হবে।
নির্মাতা বলেন, ‘ইংল্যান্ডে বেড়ে ওঠা নাহিয়ান দীর্ঘদিন পর ঢাকায় ফিরে এসে নিজেকে নতুন সামাজিক ও পারিবারিক পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায়। তার আধুনিক জীবনধারা ও চিন্তাভাবনার সঙ্গে যৌথ পরিবারের সদস্যদের ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব শুরু হয়।’
এক ছাদের নিচে তিন প্রজন্মের ভালোবাসা, সংঘাত, মানিয়ে নেয়ার চেষ্টা এবং সম্পর্কের গভীরতা ধীরে ধীরে গল্পকে নানা আবেগি মোড়ে নিয়ে যায়। ব্যক্তিগত স্বপ্ন ও ভালোবাসার দ্বন্দ্বের মাঝেই সবাই উপলব্ধি করে সময়ের সঙ্গে সমাজ বদলালেও সম্পর্কের বন্ধন চিরস্থায়ী। এ উপলব্ধির মধ্য দিয়েই এগিয়ে যায় ‘পরম্পরা’র গল্প।
নাটকে নিজের চরিত্র নিয়ে ডলি জহুর বলেন, ‘নির্মাতা আশিস রায় যখন কোনো কাজের জন্য আমাকে প্রস্তাব দেন, তখন কোনো দ্বিধা ছাড়াই আমি রাজি হয়ে যাই। এবারো তাই হয়েছে। এ নাটকে আমি সবচেয়ে প্রবীণ চরিত্রে অভিনয় করেছি। এখানে যারা অভিনয় করেছেন প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছেন। বাকিটা দর্শক বিচার করবে।’
ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার ছাড়াও এতে অভিনয় করেছেন শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগীতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।
নাটকের চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। নাটকটি প্রতি শনি-বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে।










