এপ্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জোভান ও কেয়া পায়েল। একসঙ্গে করা তাদের বহু নাটক দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই ধারাবাহিকতায় আবারো এ জুটি অভিনয় করেছেন নতুন নাটক ‘কোটিপতি’-তে। সুন্দর গল্প আর সাবলীল অভিনয়ে সাজানো নাটকটি এরই মধ্যে দর্শকের আগ্রহ তৈরি করেছে।

‘কোটিপতি’ নাটকের চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নির্মাণে রয়েছেন এস আর মজুমদার। নাটকটি গতকাল সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল জানান, তিনি এর আগেও জোভানের সঙ্গে বহু নাটকে কাজ করেছেন। এর মধ্যে সুইটহার্ট, শ্বশুরবাড়ি, তেলবাজ, টিকটকার বউ, নকলবাজ, প্রথম প্রেম, স্যারের বিয়ে, ইতির ঈদি, পসেসিভ ওয়াইফসহ আরো বেশকিছু নাটক উল্লেখযোগ্য। তার ভাষায়, প্রায় সব নাটকেই তারা দুজন ভালো সাড়া পেয়েছেন। এসআর মজুমদারের এ নাটকের গল্পটাই মূল শক্তি। গল্প ভালো হওয়ায় কাজ করতে তার খুব ভালো লেগেছে। পুরো ইউনিট অনেক পরিশ্রম করেছে এবং দর্শকের ভালো লাগবে বলে তিনি আশাবাদী।

নাটকটি নিয়ে নির্মাতা এস আর মজুমদার জানান, এর আগে তিনি জোভান ও কেয়া পায়েলকে নিয়ে মোট আটটি নাটক নির্মাণ করেছেন। তবে একসঙ্গে জুটি হিসেবে তাদের নিয়ে এর আগে তিনি একটি নাটকই বানিয়েছিলেন, যার নাম ছিল মামা ভাগ্নে চারশ বিশ। ‘কোটিপতি’ তাদের নিয়ে তার দ্বিতীয় একসঙ্গে করা নাটক।

নাটকের গল্পে দেখা যাবে, জোভান একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। হঠাৎ করেই একসময় সে কোটিপতি হয়ে যায়। তবে কোটিপতি হওয়ার বিষয়টি সে তার পরিবারের কাছে গোপন রাখতে চায়। কারণ তার মনে হয়, বিষয়টি প্রকাশ পেলে মধ্যবিত্ত জীবনের ছোট ছোট আনন্দ আর আগের মতো উপভোগ করা যাবে না। এমনই ভাবনা আর আবেগের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি।

নির্মাতার মতে, নাটকটিতে জোভান ও কেয়া পায়েল দুজনই দারুণ অভিনয় করেছেন। গল্প, অভিনয় ও নির্মাণ মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী।