বহুদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত তিনি। যদিও গত বছর নেটফ্লিক্সের সিরিজ বম্বে বেগমসে অভিনয় করেছিলেন, কিন্তু বড় পর্দার চমক সেখানে ছিল না। এ বছর আর বালকির চুপ—রিভেঞ্জ অব দি আর্টিস্ট দিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। সানি দেওল, শ্রেয়া ধন্বন্তরীর সঙ্গে এ সিনেমায় পূজা ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দুলকার সালমান। বলা যায়, পূজার প্রত্যাবর্তনের পাশাপাশি দুলকারের উপস্থিতি এ সিনেমার আরেকটি চমক। অবশ্য পুরো সিনেমাটিকেই চমক বলা যেতে পারে। কেননা বালকির কাছ থেকে এবার একটি সাইকোলজিক্যাল থ্রিলার পাওয়া যাচ্ছে।
নব্বইয়ের এ অভিনেত্রী অভিনয় দিয়ে মুগ্ধ করার পাশাপাশি নানা সময়ে বিতর্কও সৃষ্টি করেছেন। কিন্তু দর্শক এখনো পূজার সৌন্দর্য ও অভিনয়ে আগ্রহী। তবে বিউটি কুইন হয়ে এবার আসছেন না, বরং নিজের মতোই আসছেন। পূজা বলেন, ‘নিজের এ বয়সটাকে পর্দায় আনতে পেরে আমি খুশি। নব্বইয়ের তুলনায় এখন ওটিটিতে অনেক সুযোগ রয়েছে। নায়ক-নায়িকার নির্দিষ্ট রূপের গণ্ডি থেকে আমরা বেরিয়ে আসছি।’
বালকিকে নিয়েও তিনি উচ্ছ্বসিত। বালকির পরিচালনা ও নান্দনিক উপস্থাপনার প্রশংসা করেন পূজা। তিনি বলেন, ‘এ যুগে বালকি যে ধরনের কাজ করেছেন তা একদম নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে। তাই যখন বালকির এ প্রজেক্ট আমার কাছে এল, আমি দেরি করিনি।’
বালকি এর আগে পা, কি অ্যান্ড কা, শামিতাভ, প্যাড ম্যানে ভিন্ন ভিন্ন স্বাদ উপহার দিয়েছেন। তার প্রতিটি গল্পে নতুনত্ব থাকে। এবার কী নিয়ে আসছেন তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। কারো কারো ধারণা সিনেমাটি গুরু দত্তর জীবনের সঙ্গে জড়িত। গত বছর অক্টোবরে কিছুদিনের জন্য সিনেমার কাজ বন্ধ থাকলেও এবার নতুন করে শুরু করেছেন সবাই। বলিউডের নব্বইয়ের দশকের অনেক অভিনেতা-অভিনেত্রীই নতুন করে কাজে ফিরেছেন। কেউ ভালো করেছেন, কেউ পুরনো জায়গা খুঁজে পাননি। পূজার প্রত্যাবর্তন কেমন হবে তা সময়ই বলে দেবে।
সূত্র: পিংকভিলা










