ক্রিস হেমসওয়ার্থ শনিবারে তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে তার নতুন সিনেমা ‘এক্সট্রাকশন’ নিয়ে তুমুল সাড়া দেয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। নেটফ্লিক্সের এ সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ ও প্রযোজনা করেছেন রুশো ব্রাদার্স।
ভিডিওটিতে ক্রিস একটি জিমের মধ্যে বসে দর্শকদের উদ্দেশ করে বলেন, ‘আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক্সট্রাকশন নিয়ে আপনাদের প্রতিক্রিয়া ও সমর্থন দেখে আমরা মুগ্ধ। আপনাদের জন্য বর্তমানে সিনেমাটি পুরো বিশ্বে এক নম্বর স্থানে রয়েছে। নেটফ্লিক্সের সর্বকালের সফলতম ফিচার ফিল্ম হতে চলেছে এটি। রুশো ব্রাদার্স, নেটফ্লিক্স, পরিচালক স্যাম হারগ্রেভ এবং আমার পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আপনাদের ভালোবাসি।’
অ্যাকশন থ্রিলারটি গত মাসে স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় এবং সঙ্গে সঙ্গেই দুনিয়ার বিভিন্ন প্রান্তের দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ক্রিস হেমসওয়ার্থের ইনস্টাগ্রামের আগের একটি পোস্ট থেকে জানা যায়, প্রকাশের প্রথম চার সপ্তাহের মধ্যে আনুমানিক নয় কোটি ঘরে বা টেলিভিশনে এটি দেখা হয়েছে।
ক্রিস সিনেমাটিতে টাইলার রেক নামক একজন ভাড়াটে সৈনিকের চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন কারাবন্দি ডনের অপহূত পুত্রকে উদ্ধার করার জন্য বিপজ্জনক অভিযান শুরু করেন।
এক্সট্রাকশন-এর সিক্যুয়াল নিয়ে ক্রিস বলেন, ‘সিক্যুয়াল ও প্রিকোয়েল নিয়ে অনেক কথাবার্তা ও প্রশ্ন হচ্ছে। এ মুহূর্তে আমি বলতে পারছি
না কী হবে। তবে যে পরিমাণ সমর্থন সিনেমাটি পেয়েছে, আবারো আমি এতে অভিনয় করতে রাজি।’










