ফের কফি উইথ করণ নিয়ে হাজির হয়েছেন খ্যাতিমান নির্মাতা করণ জোহর। শুরু হয়েছে জনপ্রিয় সেলিব্রিটি টকশোটির সপ্তম সিজন। এবারের আসরে প্রথম পর্বের বাজিমাত করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। প্রতিবারের মতো এবারো বলিউডের জনপ্রিয় মুখদের দেখা মিলবে এ শোয়ে। সপ্তম সিজনে সিদ্ধার্থ মালহোত্রা হাজির হবেন কফি উইথ করণে, তার সঙ্গে থাকবেন বলিউডের আরেক জনপ্রিয় মুখ ভিকি কৌশল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কফি উইথ করণে আসার ছবি প্রকাশ করেছেন সিদ্ধার্থ। যেখানে কালো ব্লেজারে সবার নজর কেড়েছেন শেরশাহখ্যাত এ তারকা।

ভি নেকলাইনের কলার এবং কাফড হাতার হাতে বোনা পোলো টি-শার্ট পরেছিলেন সিদ্ধার্থ। ২৪ হাজার ৯৫০ রুপি মূল্যের টি-শার্ট ফ্যাশন ব্র্যান্ড শিবন ও নরেশের থেকে নেয়া। তবে সবকিছু ছাপিয়ে সিদ্ধার্থ মালহোত্রার গ্লোসি কালো ব্লেজারের দিকেই সবার নজর গিয়েছে। তার এই টম ফোর্ড রেকের ব্লেজারটির মূল্য ভারতীয় মুদ্রায় ৩ লাখ ৬১ হাজার ১৬০ রুপি, যেটি বাংলাদেশী মুদ্রায় ৪ লাখ ২৪ হাজার ৫৯৩ টাকায়। ব্রাউন সানগ্লাস আর পুশড ব্যাক হেয়ার স্টাইল করে কফি উইথ করণে হাজির হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার কিছু সময় পরই নিজের গেটআপের জন্য সবার প্রশংসা পান ৩৭ বছর বয়সী এ অভিনেতা।

চলতি বছর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থের। শান্তনু বাগচি পরিচালিত একটি স্পাই থ্রিলারধর্মী সিনেমা ‘মিশন মঞ্জু’-তে দেখা যাবে তাকে। ইন্দ্র কুমার রচিত ও পরিচালিত কমেডি ‘থ্যাঙ্ক গড’ সিনেমায়ও অভিনয় করছেন তিনি। সিনেমাটি চলতি বছরের ২২ অক্টোবর রুপালি পর্দায় আসতে চলেছে। এছাড়া করণ জোহর প্রযোজিত অ্যাকশন ‘থ্রিলার যোধা’য় দেখা মিলবে সিদ্ধার্থ মালহোত্রার।

২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে একই সঙ্গে বলিউডে পা রেখেছিলেন সিদ্ধার্থ, আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান।

 

সূত্র: বলিউড হাঙ্গামা