নাট্যদল থিয়েটারিয়ানের জনপ্রিয় নাটক ‘ডেথ অব আ সেলসম্যান’। আর্থার মিলারের ‘ডেথ অব আ সেলসম্যান’ অবলম্বনে এটি রচিত। বিশ্বের বিভিন্ন দেশের নাটকের দল এ নাটক মঞ্চে নিয়ে আসে। সে ধারাবাহিকতায় দেশের নাটকের দল থিয়েটারিয়ান নিয়ে আসে ডেথ অব আ সেলসম্যান নাটকটি। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে নাটকটি মঞ্চায়ন করতে যাচ্ছে নাট্যদল থিয়েটারিয়ান। ডেথ অব আ সেলসম্যান থিয়েটারিয়ানের প্রথম প্রযোজনা। নাটকটি বাংলায় অনুবাদ করেছেন ফতেহ্ লোহানী। নাটকটি নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন এবং সহনির্দেশক হিসেবে আছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক ধীমান চন্দ্র বর্মণ।
নাটকটি নিয়ে আশিকুর রহমান লিয়ন জানান, আর্থার মিলারের নাটক ডেথ অব আ সেলসম্যান পরিচয় হারানো একজন মানুষের নিজের ও সমাজের মধ্যকার পরিবর্তনকে মেনে নিতে না পারার গল্প। নাটকটি স্মৃতি, স্বপ্ন, দ্বন্দ্ব ও তর্কের একটি মিশ্র ছবি, যা সবই উইলি ল্যেম্যানের জীবনের শেষ ২৪ ঘণ্টা বর্ণনা করে। সর্বাত্মক চেষ্টা করে যাওয়া একজন ব্যর্থ সেলসম্যান, যিনি আমেরিকান স্বপ্ন ও কাজের নীতি সম্পর্কে ভুল ধারণা পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত নিজেকে ব্যর্থ স্বীকার না করে খেটে খাওয়া এক সাধারণ মানুষের ট্র্যাজিক গল্প ডেথ অব আ সেলসম্যান। পাশাপাশি এতে বর্তমান বিশ্ব অর্থনীতির পুঁজিতত্ত্বের লুকানো রহস্য উঠে আসে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌহিদ বিপ্লব, পলি চৌধুরী, তাসমিয়া মীম, মো. মাইনুল ইসলাম, আহমেদ সুজন, নাজমুল নাঈম, আমিরুল মামুন, লিটু রায়, পৃথু অভিষেক, অর্নিলা অচিন প্রমুখ।










