চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ আয়োজনে অন্যান্য বছরের মতো এবারও হতে যাচ্ছে হাজারও কণ্ঠে বর্ষবরণ। আগামীকাল ১৪ এপ্রিল, ১ বৈশাখ ভোর ৫টা ৩০ মিনিটে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হবে এ অনুষ্ঠান। হাজার কণ্ঠে গানের মাধ্যমে বরণ করা হবে বাংলা নতুন বছর ১৪৩৩। বাংলা গানের সুর সঙ্গীতের মূর্চ্ছনায় অনুষ্ঠানটি চলবে সকাল ০৯ টা পর্যন্ত।
আয়োজনে সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা অংশগ্রহণ করবেন। এছাড়াও দেশের খ্যাতিমান শিল্পী রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, কোনাল, লুইপা সহ তরুণ প্রজন্মের একঝাঁক শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। আবৃত্তিতে থাকবেন জয়ন্ত চট্টপাধ্যায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দীপ্তি চৌধুরী।
একই স্থানে সোমবার বিকাল ৫টা ৩০ মিনিট থেকে চৈত্র সংক্রান্তীর আয়োজনে থাকবে শিল্পী বুলবুল ইসলাম, চন্দনা মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রী, প্রিয়াংকা গোপ, স্বাতী সরকার-এর পরিবেশনা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন ভাস্বর বন্দোপাধ্যায় ও ডালিয়া। নৃত্য পরিবেশনায় থাকবেন ওয়ার্দা রিহাব ও প্রেমা। আজকের এ অনুষ্ঠান উপস্থাপনা করবেন সামান্তা ইসলাম ও সানজিদা।
বৈশাখী মেলা
সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বৈশাখী মেলা। বাঙালি ঐতিহ্যের নানান তৈজষপত্রের পসরা দিয়ে সাজানো হবে এ মেলা। থাকবে নাগরদোলা সহ অন্যান্য আয়োজন। এ পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন সহ শিল্পসাহিত্য জগতের বিখ্যাত ব্যক্তিরা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দিবেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।










