নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। চলতি বছরের শুরুতে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। দীর্ঘদিন ধরে নাটকে দর্শকের মন জয় করা এ অভিনেত্রী রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছেন। অভিষেকের সিনেমায়ই তিনি নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

এরপর কিছুদিন শোনা যায়, সাবিলা ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করবেন। তবে পরবর্তী সময় নিজেই জানান, এ সিনেমায় অংশ নিচ্ছেন না। এরপর তিনি যুক্ত হয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার সঙ্গে। জানা গেছে, এটিতে সাবিলা চিত্রা নামের একটি চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মাণ করছেন তানিম নূর।

বনলতা এক্সপ্রেস সিনেমায় আরো অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারি মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার প্রমুখ। এটি নন্দিত কথাসাহিত্যিক হyমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মাণ হতে যাচ্ছে।

সাবিলা নূর বলেন, ‘এ সিনেমায় এত গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন হবে, তা নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড। হyমায়ূন আহমেদ স্যারের উপন্যাসের চিত্রা চরিত্রে কাজ করা আমার জন্য একটি বড় অর্জন। দর্শকের প্রত্যাশা ঠিকভাবে পূরণ করতে চেষ্টা করব।’

রাক্ষস সিনেমা ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে তানিম নূর ভাইয়া প্রায় ছয় মাস আগে যোগাযোগ করেছিলেন। অনেকবার প্রজেক্ট নিয়ে আলাপ হয়েছে। যেহেতু দুটি সিনেমায় চরিত্রই গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ সময় ধরে শুটিং হবে, তাই একসঙ্গে প্রফেশনালি দুটি কাজ করা সম্ভব ছিল না।’

২০২৫ সালটি সাবিলার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানিয়েছেন তিনি। সাবিলা বলেন, ‘এ বছরের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল সিনেমায় কাজ করা। প্রথম সিনেমা মুক্তির পর দর্শকের ভালোবাসা কাছ থেকে অনুভব করা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। সব মিলিয়ে বছরটি আমার খুবই ভালো কেটেছে।’