মারা গিয়েছেন সত্তর-আশি দশকের জনপ্রিয় চিত্রপরিচালক রহীম নওয়াজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোরে রাজধানীর কল্যাণপুরের নাভানা আবাসিক এলাকার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এ প্রবীণ নির্মাতা অনেকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

রহীম নওয়াজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র বিষয়ক গবেষক মীর শামসুল আলম বাবু।

১৯৩৮ সালের ২২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন রহীম নওয়াজ। তিনি কলকাতায় দেবেন্দ্র ম্যানসনে থাকাকালে জহির রায়হানের সহপাঠী ও বন্ধু ছিলেন। পরে আলোকচিত্রে আগ্রহী হন।

আলোকচিত্র থেকেই বন্ধু জহির রায়হানের উর্দুতে নির্মিত পাকিস্তানের প্রথম রঙ্গিন ছবি ‘সংঘম’-এর (১৯৬৪) সঙ্গে যুক্ত হন। এরপর জহির রায়হানের সব চলচ্চিত্রের সঙ্গেই জড়িত ছিলেন। ‘জীবন থেকে নেয়া’ নির্মাতার প্রতিষ্ঠান লিটল সিনে সার্কেলের সদস্যও ছিলেন রহীম নওয়াজ।

জহির রায়হানের ‘আনোয়ারা’ (১৯৬৭) ছবির স্থিরচিত্র নিয়েছিলেন রহীম নওয়াজ। ১৯৬৮ সালে তার পরিচালনায় মুক্তি পায় ‘দুইভাই’। একই বছর মুক্তি পায় পরের ছবি ‘সংসার’। তবে দুটিই যৌথ পরিচালনায় নির্মিত।

১৯৬৮ সালেই মুক্তি পায় রহীম নওয়াজের একক পরিচালনার প্রথম চলচ্চিত্র ‘সুয়োরানী দুয়োরানী’। তার উল্লেখযোগ্য অন্যান্য ছবির মধ্যে রয়েছে মনের মত বউ (১৯৬৯), যোগ বিয়োগ (১৯৭০), আপনজন (১৯৭৫), রাতের কলি (১৯৭৭) ও অসাধারন (১৯৮৫)।

মৃত্যুকালে রহীম নওয়াজ স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গিয়েছেন।