অপূর্ব নিয়মিত নাটকে অভিনয় করছেন। নানা ধরনের চরিত্রে করছেন নিরীক্ষা। নাটকের বাইরেও নিজেকে নানা কনটেন্ট ও চরিত্রে নিয়ে আসছেন। ভালোবাসা দিবসের নাটক হোক বা ওটিটি কনটেন্ট, তিনি থাকছেন। সে ধারায় আসছে দীপ্তর অরিজিনাল ফিল্ম। কেন্দ্রীয় চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব। ফিল্মের নাম ‘ইউএনও স্যার’।
‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’ সে দেশপ্রেমের প্রমাণ দেখাতে দীপ্ত প্লে’র পর্দায় আসছেন অপূর্ব। আজ থেকে ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে অরিজিনাল ফিল্ম ‘ইউএনও স্যার’, যেখানে একটি উপজেলার ইউএনও চরিত্রে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, তাই দেখা যাবে ফিল্মটিতে।
আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। সৈয়দ শাকিল বলেন, ‘আমার জানা মতে, প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দীপ্ত প্লে কর্তৃপক্ষ, শিল্পী-কলাকুশলীসহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিল কাজটা ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি কাজটা দর্শকের ভালো লাগবে।’
পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত হয়েছে ইউএনও স্যার। অপূর্ব ছাড়াও ফিল্মে আরো অভিনয় করেছেন সুহাসিনী অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়াসহ আরো অনেকে। তটিনীর সঙ্গে এর আগেও একটি নাটকে সম্প্রতি দেখা গেছে অপূর্বকে। এ জুটিকে দর্শক পছন্দ করেছেন। তাদের নাটকের ক্লিপ নিয়মিত দেখা যায় ফেসবুকে। তাই সবাই ধারণা করছেন ইউএনও স্যারও পছন্দ করবেন দর্শক। ‘ভিশন’ নিবেদিত ফিল্মটি প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড।










