লর্ড অব দ্য রিংস উপন্যাস হিসেবে বেশি জনপ্রিয় না সিনেমা ফ্র্যাঞ্চাইজি হিসেবে তা নির্ধারণ করা সহজ নয়। সম্প্রতি ছবির অভিনয়শিল্পী ও গকেষকরা মিলে একটি উদ্যোগ নিয়েছেন—লর্ড অব দ্য রিংস ও দ্য হবিটের স্রষ্টা ব্রিটিশ লেখক, কবি জন রোনাল্ড টোলকিনের বাড়িটি তারা কিনে নিতে চান।
‘দ্য হবিট’ চলচ্চিত্রে বিলবো ব্যাগিনসের চরিত্রে অভিনয় করা মার্টিন ফ্রিম্যান, গ্যান্ডাফের চরিত্রের ইয়ান ম্যাককেলেন এবং আরেক অভিনেতা জন রাইস-ডেভিসসহ আরো কয়েকজন টোলকিন বিশেষজ্ঞ ও ভক্তরা মিলে চালু করেছেন ‘প্রজেক্ট নর্থমুর’। গত বুধবার এ তহবিল সংগ্রহের প্রকল্পটি যাত্রা করেছে এবং এর উদ্দেশে টোলকিনের অক্সফোর্ডের একসময়ের বাড়িটি কিনে নিয়ে সেটিকে তার কাজ নিয়ে গবেষণা ও উদযাপনের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
১৯৩০-৪৭ পর্যন্ত ২০ নর্থমুর রোডে টোলকিন সপরিবারে বসবাস করেছেন। এ বাড়িতে অবস্থানকালেই শিশুদের জন্য লিখেছিলেন দ্য হবিট। এরপর লর্ড অব দ্য রিংসও এ বাড়িতে বসেই লেখা। লর্ড অব দ্য রিংস বিশ্বে সর্বাধিক বিক্রি হওয়া উপন্যাসের একটি। বইটির ১৫ কোটি কপি বিশ্বজুড়ে বিক্রি হয়েছে।
জন রাইস-ডেভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছেন, ‘টোলকিনের মতো প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ লেখককে নিয়ে কাজ করার জন্য কোনো কেন্দ্র দুনিয়ার কোথাও নেই। এটা সত্যিই আশ্চর্যের!’ তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য টোলকিনের বাড়িটিকে একটি সাহিত্যকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং এটা নতুন লেখক, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাদের যুগে যুগে অনুপ্রাণিত করবে।’
ব্রিটিশ লেখক জুলিয়া গোল্ডিং এ প্রকল্পের মূল ব্যক্তি। তিনি নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘জেন অস্টিন, চার্লস ডিকেন্স, টমাস হার্ডিকে নিয়ে সেন্টার আছে। বলতে গেলে টোলকিন তাদের মতোই প্রভাবশালী। যদি সব টোলকিন ভক্তরা আমাদের ২ মার্কিন ডলার করে দেন তাহলে আমরা কাজটা করতে পারব।’
‘প্রজেক্ট নর্থমুর’
চলবে ২০২১ সালের ১৫ মার্চ পর্যন্ত। তারা ৪৫ লাখ ব্রিটিশ পাউন্ডের তহবিল সংগ্রহ করতে চাইছেন। এ অর্থ দিয়ে তারা টোলকিনের বাড়িটি কিনে একটি কেন্দ্রে পরিণত করবেন।
প্রকল্পের একটি প্রমোশনাল ভিডিওতে ম্যাককেলেন বলেছেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা টোলকিন ভক্ত, তহবিলদাতাদের সহায়তা ছাড়া আমরা এ লক্ষ্য অর্জন করতে পারব না।’
সূত্র: হাফিংটন পোস্ট










