মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নন্দিত নাট্য সংগঠন মহাকাল নাট্যসম্প্রদায়। সুরেন্দ্র কুমারী নামের নাটকটি রচনা করেছেন আনন জামান ও নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এটি নন্দিত নাট্য সংগঠনের ৪৪তম প্রযোজনা। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়।

এ নাটক সম্পর্কে নাট্যকার আনন জামান বলেন, ‘‌সুরেন্দ্র কুমারী নাটকে ৩০০ বছর আগের তথাকথিত অত্যাচারী জমিদারদের বয়ান থাকলেও এটাকে আমরা নিয়ে এসেছি সমকালীন ক্ষমতালিপ্সু শাসকদের প্রেক্ষাপটে। বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে যে যুদ্ধ ও নির্বিচারে শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, এটা তারই এক প্রতিফলন।

জমিদার কন্যা সুরেন্দ্র কুমারী যখন মায়ের গর্ভে থাকে, সেই থেকে নাটকের সূত্রপাত। রাজমাতার ধারণা ছিল তার গর্ভের সন্তান ছেলে হবে। কিন্তু জন্মের পর দেখা যায় সে মেয়ে। রাজমাতা তাকে ছেলেদের মতো করে বড় করে তোলে। ঘটনাক্রমে এ মেয়ে আত্মহত্যা করতে গেলে আবিষ্কৃত হয় তার পিতার হত্যাকারী। জানা যায়, ক্ষমতার বলে ষড়যন্ত্র করে রাজমাতাই সুরেন্দ্র কুমারীর পিতার হত্যাকারী। এভাবে ঘটতে থাকে নানা ঘটনা।

নাটকটির নেপথ্যের শিল্পীরা হলেন—আলো ও প্রপসে পলাশ হেনড্রি সেন, কোরিওগ্রাফিতে ওয়ার্দা রিহাব, পোশাক-এনাম তারা সাকি, সংগীত-নির্ঝর চৌধুরী, পোস্টার-চারু পিন্টু, মঞ্চ-শামীম সাগর ও পলাশ হেনড্রি সেন ও মুখবিন্যাস-শুভাশীষ দত্ত তন্ময়, পান্ডুলিপি গবেষণায় শরীফ নাসরুল্লাহ, নাটকটির প্রযোজনা অধিকর্তা-মীর জাহিদ হাসান।

নাটকটির শিল্পীরা হলেন আবু আজাদ, শুভ্র মানিক, ইকবাল চৌধুরী, পলি বিশ্বাস, শিবলী সরকার, কানিজ ফাতেমা লিসা, চৈতী সাথী, রাজীব দেবনাথ, কাজী তারিফ, স্বপ্নীল, রাকিব হাসান, উইলিয়াম নিক্সন ভিকী, আব্দুল কাইয়ুম, নীলমনি বাবু, কামরুজ্জামান সবুজ, শংকর কুমার ধর ও মীর জাহিদ হাসান।