অ্যাপল টিভি প্লাস ২৩ আগস্ট তাদের বহুল আলোচিত ‘গাটসি’ ডকু সিরিজের ট্রেলার প্রকাশ করেছে। আটটি পর্বে বিভক্ত সিরিজটিতে হিলারি রডহ্যাম ক্লিনটন ও চেলসি ক্লিনটনকে দেখা যাবে। তারা দুজন মিলে সিরিজটি উপস্থাপনা করেছেন। নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার বই ‘দ্য বুক অব গাটসি উইমেন’-এর ওপর ভিত্তি করে সিরিজটি নির্মিত হয়েছে। কথোপকথনভিত্তিক বইটি লিখেছেনও এই মা-মেয়ে জুটি। নারীদের মধ্যে যেসব শিল্পী, কর্মী ও নেত্রী অগ্রগামী হয়েছেন তাদের সাহসী ভূমিকাকে সবার সামনে তুলে ধরার জন্য সিরিজটি নির্মিত হয়েছে। ক্লিনটন পরিবারের দুই সদস্য নিজেদের ব্যক্তিগত জীবনে যেসব নারীকে গুরুত্বপূর্ণ মনে করেন, যারা স্বীয় সম্প্রদায়ে ও বিশ্বে প্রভাব বিস্তার করে আছেন তাদের মুখোমুখি হয়েছেন এ সিরিজে। স্বনামধন্য এসব নারীর মধ্যে রয়েছে গ্লেনন ডয়েল, ড. জেইন গোডাল, ম্যারিস্কা হার্গিটে, গোল্ডি হন, কেইট হাডসন, কিম কার্দাশিয়ান, মেগান দি স্ট্যালিয়ন, অ্যাম্বার রাফিন, অ্যামি শুমার, গ্লোরিয়া স্টাইনেম, ওয়ানডা সিকেস, সিমোন, অ্যাবি ওয়ামবাখ, ন্যাটালি ওয়েন প্রমুখ।

লেফট/রাইট এলএলসির সহযোগিতায় অ্যাপলের জন্য সিরিজটি তৈরি করেছে হাইডেন লাইট প্রডাকশন। সিরিজটির প্রযোজকরা হলেন কেভিন ভার্গাস ও ক্লের ফেদারস্টোন। হিলারি ও চেলসিকে ডকু সিরিজটির পর্দায় যেভাবে দেখা যাবে এর আগে তাদের এভাবে দেখা যায়নি। এতে তাদের মা-মেয়ে ভূমিকার পাশাপাশি, দুটি ভিন্ন প্রজন্মের চিন্তার মধ্যে যেসব পার্থক্য সচরাচর দেখা যায় সেগুলো উপস্থাপিত হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর গাটসির প্রিমিয়ার আসবে অ্যাপল টিভি প্লাসে।

 

সূত্র: ডেডলাইন