জেমস বন্ডের প্রথম সিনেমা মুক্তির ৬০ বছর পূর্ণ হচ্ছে এ শরতে। ক্রিস্টিন’স ও ইওন প্রডাকশনস এ উপলক্ষে একটি দাতব্য নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সেপ্টেম্বরে দুই দফায় সম্পন্ন হবে এ নিলাম। অন্যদিকে মাসের শেষে বিএফআইয়ের তরফ থেকে একটি আলোচনা ও সিনেমা প্রদর্শনীর আয়োজন রয়েছে। অক্টোবরে বন্ড ডে উপলক্ষে রয়্যাল অ্যালবার্ট হলে শার্লি বেসি একটি রেট্রোস্পেক্টিভ কনসার্টে অংশ নেবেন।
‘সিক্সটি ইয়ারস অব জেমস বন্ড’ শিরোনামে এ নিলামে বন্ডের ২৫টি সিনেমার ৭০ ধরনের পণ্য ও প্রপ আনা হবে। আগামী ২৮ সেপ্টেম্বর লন্ডনে সরাসরি নিলাম অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে একটি নিলাম চলতে থাকবে। ৫ অক্টোবর মূলত বন্ড ডে হিসেবে পালিত হয়। নিলামের প্রধান আকর্ষণ একটি অ্যাশটন মার্টিন ডিবি-৫ স্টান্ট কার। সিনেমার অভিনেতাদের ব্যবহূত নানা প্রপও রাখা হচ্ছে নিলামে। শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেইগ সবার ছোঁয়াই থাকছে।
যানবাহনের মধ্যে অরো থাকছে ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’
থেকে একটি কিউ জেট বোট, ‘নো টাইম টু ডাই’
থেকে ল্যান্ড রোভার ডিফেন্ডার ১১০ ও ০০৭ ল্যান্ড রোভার ডিফেন্ডার, যাতে ৬০তম বার্ষিকীর লোগো থাকছে। এছাড়া জ্যামাইকায় ফ্লেমিং ভিলায় পাঁচটি রাতযাপনের সুযোগ। সেখানে বসেই ইয়ান ফ্লেমিং ১৪টি বই লিখেছিলেন। ডাল্টনের স্বাক্ষর করা একটি টক্সিডো যা লাইসেন্স টু কিল সিনেমায় ব্যবহার করা হয়েছিল। এ আয়োজনের মাধ্যমে প্রাপ্ত অর্থ দান করা হবে ৪৫টি দাতব্য প্রতিষ্ঠানে। এর মধ্যে প্রিন্স অব ওয়েলস’স চ্যারিটেবল ট্রাস্ট অন্যতম। এ ট্রাস্ট যুক্তরাজ্যের তিনটি বিশেষ সেনাদলের সাহায্যার্থে কাজ করে।
‘জেমস বন্ড ইন দ্য সিক্সটি উইকেন্ডার’
নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। থাকছে আগ্রহীদের জন্য অন্তরঙ্গ আলোচনা অনুষ্ঠান। এতে থাকছেন মাইকেল জি. উইলসন ও বারবারা ব্রকোলি। ক্রিস করবোল্ডের তত্ত্বাবধানে বিহাইন্ড দ্য সিন, স্টান্ট ও স্পেশাল এফেক্ট প্রদর্শনী করা হবে। বিএফআই-আইম্যাক্স ড্যানিয়েল ক্রেইগের তিনটি সিনেমা প্রচার করবে। ৪ আগস্ট থেকে বিএফআইয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। রয়্যাল অ্যালবার্ট হলে আগামী ৪ অক্টোবর দ্য সাউন্ড অব ০০৭ নামে সংগীতানুষ্ঠান আয়োজিত হবে। ইওন প্রডাকশনসের আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করবেন ডেভিড আরনল্ড এবং এতে রয়্যাল ফিলহারমোনিক কনসার্ট অর্কেস্ট্রাকে আনা হবে। টিকিট বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে।
সূত্র: ডেডলাইন










