আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’ অবশেষে আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাচ্ছে। গত বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হলেও নির্ধারিত সময়ে মুক্তি পায়নি এটি। রোজার ঈদ, কোরবানির ঈদ, দুর্গাপূজাসহ বিভিন্ন উৎসবকে সামনে রেখে মুক্তির পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত হল পর্যন্ত পৌঁছতে পারেনি সিনেমাটি।

সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল জানান, দীর্ঘ অপেক্ষার অবসানে এবার রোজার ঈদেই দেখা যাবে পিনিক। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান।

জাহিদ জুয়েল বলেন, ‘একটি ভালো সিনেমা উপহার দেয়ার জন্যই পিনিক মুক্তি দিতে সময় নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে দর্শক দেখতে পারবে সিনেমাটি।’

মুক্তিতে দেরির কারণ হিসেবে তিনি জানান, ‘একটি গল্প যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তোলা চ্যালেঞ্জিং। তাড়াহুড়ো না করে আমরা চাইছিলাম যাতে কোথাও কোনো খুঁত না থাকে।’

সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজক অভিনেতা শিমুল খান জানালেন, একটি গানের শুটিং অসম্পূর্ণ থাকায় আটকে ছিল পিনিক। সম্প্রতি সেই গানের দৃশ্যধারণ শেষ হয়েছে। তিনি বলেন, ‘গানের শুটিং শেষ হওয়ার কথা ছিল অনেক আগে। কিন্তু নায়িকা দেশের বাইরে থাকায় বিলম্ব হয়েছে। পাশাপাশি পোস্ট-প্রডাকশনেও আমরা অতিরিক্ত সময় দিয়েছি।’

রহস্য এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত ‘পিনিক’ সব ধরনের ঘরানার উপাদান মিলিয়ে তৈরি হয়েছে বলে জানালেন পরিচালক। তার ভাষায়, ‘পিনিকের গল্প খুব স্ট্রং। অ্যাকশন, থ্রিলার, হরর, রোমান্স—সব মিলিয়ে এটি বানানো হয়েছে। দর্শক দারুণ মজা পাবে।’

সিনেমাটিতে অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু প্রমুখ।