নতুন বছরে বড় চমক দেখতে পাবেন হ্যারি পটার ভক্তরা। নববর্ষের দিন হ্যারি পটার সিরিজের প্রথম ছবি হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোনের সদস্যরা আলাপচারিতায় মিলিত হবেন। ছবিটি মুক্তির ২০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন। তবে এ পুনর্মিলনীতে দেখা যাবে না হ্যারি পটারের স্রষ্টা লেখক জে কে রাউলিংকে। সমকামীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

২০০১ সালের ১৬ নভেম্বর মুক্তি পেয়েছিল হ্যারি পটার সিরিজের প্রথম ছবি হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন।

২০২২ সালের ১ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে রিটার্ন টু হগওয়ার্টস। মার্কিন স্ট্রিমিং সাইট এইচবিও ম্যাক্সে দেখা যাবে বিশেষ এ আয়োজন।

মার্কিন চলচ্চিত্র নির্মাতা ক্রিস কলম্বাসের সঙ্গে আলোচনায় যোগ দেবেন হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোনের কাস্ট ড্যানিয়েল র‌্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসন। বলাই বাহুল্য, তাদের আলোচনা, স্মৃতিচারণের বিষয়বস্তু হবে সিরিজের এ প্রথম ছবি। ভক্তদের শোনাবেন নানা অজানা কাহিনী। এছাড়া হেলেনা বনহ্যাম কার্টার, রবি কোলট্রান, রাল্ফ ফিয়েনেস, জেসন আইজ্যাকস, গ্যারি ওল্ডম্যান, ইমেল্ডা স্টনটন ও টম ফেলটনও যোগ দেবেন।

রিটার্ন টু হগওয়ার্টসের ৫২ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ হয়েছে। সেখানে জাদুর এ সিনেমার বেশ কয়েকটি বিখ্যাত দৃশ্য দেখানো হয়েছে। একই সঙ্গে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, কিংবদন্তি এ গল্পের যেখানে শুরু সেখানে ভক্তদের নিয়ে যাওয়া হবে।

এদিকে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন মুক্তির ২০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ১০০ কেজি ওজনের কেক তৈরি করেছেন শিল্পী মিচেল উইবোও।

৬ ফুট লম্বা, ৫ ফুট উচ্চতা ও ১০০ কেজি ওজনবিশিষ্ট কেকটি যেন উপন্যাসের পাতা থেকে উঠে আসা সেই প্রাসাদেরই এক আদর্শ মডেল। পুরোপুরি প্রাণিজ উপাদানমুক্ত কেকটি তৈরি করতে মোট ৩২০ ঘণ্টা সময় লেগেছে।

হ্যারি পটার সিরিজের মোট উপন্যাস সাতটি। সাতটি উপন্যাস থেকে তৈরি হয়েছে আটটি সিনেমা। গোপন এক জাদুর স্কুলে গোল গোল চশমা পরা হ্যারি জাদু শেখে। মা-বাবা নেই তার। তবে আছে দুই ভালো বন্ধু। তাদের নিয়ে শিহরণ জাগানো সব অ্যাডভেঞ্চারে অংশ নেয় এ কিশোর।

 

সূত্র: দ্য গার্ডিয়ান