‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার ভরাডুবির পর চার বছর বিরতি নেন আমির খান। কিন্তু সাম্প্রতিক সিনেমা ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা আগেরটিকেও ছাড়িয়ে গিয়েছে। অথচ হলিউড ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক নিয়ে কত প্রত্যাশা ছিল অভিনেতার।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, দেশীয় বক্স অফিসে ভীষণভাবে ব্যর্থ হওয়া সত্ত্বেও বিদেশের বাজারে ভালো ব্যবসা করছে ‘লাল সিং চাড্ডা’। চলতি বছরে বলিউডে মুক্তি পাওয়া যেকোনো ছবির তুলনায় এগিয়ে রয়েছে।

‘লাল সিং চাড্ডা’ ভারতের বাজারে আট দিনে আয় করেছে মাত্র ৫০ কোটি রুপি। ‘থাগস অব হিন্দুস্তান’-এর প্রথম দিনের আয় ছিল এর চেয়ে বেশি, যদিও এ সিনেমাটিও ব্যর্থ। এ ছাড়া দর্শক ও সমালোচকদের কাছ থেকে মাঝারি মানের রিভিউ পেয়েছে ‘লাল সিং চাড্ডা’।

ইন্ডিয়ার এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক বাজারে সিনেমাটির প্রথম সপ্তাহের আয় ৭৫ লাখ ডলার বা ৫৯ কোটি রুপি। অর্থাৎ, দেশের চেয়ে বিদেশে আয় বেশি। চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডের গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, ভুল ভুলাইয়া টু ও দ্য কাশ্মীর ফাইলস ভারতের বাইরে ভালো ব্যবসা করে। ‘লাল সিং চাড্ডা’ প্রথম সপ্তাহের আয়ে এ ছবিগুলোকে হারিয়ে দিয়েছে।

‘লাল সিং চাড্ডা’র নির্মাণে খরচ হয়েছে ১৮০ কোটি রুপি, আর বিশ্বব্যাপী আয় মাত্র ১২৬ কোটি রুপি।