ইমরান হাশমি ফিরেছেন অনেকদিন পর। তাও আবার একদম নতুন অবতারে। এর আগে তাকে খলচরিত্রে দেখা গেলেও টাইগারের মতো বড় বাজেট ও বড় পরিসরের সিনেমায় তা হয়নি। ট্রেলারে তাকে দেখা গেছে খুব অল্প সময়ের জন্য। তবে তার কণ্ঠ শোনা গেছে অনেকটা সময়। লুকে একদমই নতুন ইমরান। ট্রেলারে তার চরিত্রের কোনো নাম বলা হয়নি, তবে এবার তিনি নিজেই জানালেন চরিত্রটির নাম আতিশ। সম্প্রতি সিনেমাটি নিয়ে ইমরান বলেন, ‘‌আতিশকে তৈরি করার জন্য আমাকে অনেকটা সময় দিতে হয়েছে। কিন্তু আমার সে সময়টা দারুণ কেটেছে। আতিশের চরিত্রটা অন্য রকম। সে এক রাগী মানুষ, যার একমাত্র চিন্তা টাইগারকে নিয়ে। আতিশ যেকোনো মূল্যে টাইগারকে ধ্বংস করতে চায়।’

সিনেমার ট্রেলার দেখেও এ রকমই মনে হয়েছে। তবে ইমরানের ক্যারেক্টার বা লুক নিয়ে স্পষ্ট করে বোঝা যায়নি। ইমরান জানাচ্ছেন, এ সিনেমার জন্য নতুন করে নিজেকে তৈরি করতে হয়েছে। কারণ চরিত্রটি হিন্দি সিনেমার পরিচিত ভিলেনের তুলনায় আলাদা। তিনি বলেন, ‘‌আমার এ খল চরিত্রটি হিন্দি সিনেমার পরিচিত ধারার তুলনায় একেবারেই আলাদা। সে মূলত বুদ্ধি দিয়ে কাজ করে। বুদ্ধিই তার সবচেয়ে বড় অস্ত্র। বিভিন্ন পরিকল্পনা করেই সে টাইগারকে বিপদে ফেলে দেয়।’

টাইগারকে যশরাজের স্পাই ইউনিভার্সে একজন সুপারকপ হিসেবে দেখানো হচ্ছে। আর আতিশের কাজ হবে তাকেই পরাস্ত করা। ইমরান বলেন, ‘‌তার মনে কেবল একটিই বিষয় চলে—টাইগারের ধ্বংস। কেবল টাইগার নয়, তার পরিবারের ওপরও সে চাপ তৈরি করে। এভাবেই সে চায় টাইগারকে তার কাজের বলয় থেকে বের করে আনতে। সে জানে, টাইগারই একমাত্র শেষ ব্যক্তি ভারতের জন্য।’

এবার সিনেমাটি পরিচালনা করছেন মনীশ শর্মা। তিনি সিনেমাটিকে সাজিয়েছেন নতুন করে। ইমরানকেও হাজির করছেন নতুন অবতারে। তাই মনীশকে ধন্যবাদ দিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘‌মনীশকে ধন্যবাদ, এ রকম একটি চরিত্রকে নিয়ে আসার জন্য। আতিশকে রক্তমাংসের চরিত্র হিসেবে তৈরি করায় তার অবদান আছে। কল্পনাটা মূলত তারই ছিল। আমি কেবল নিজেকে সেখানে বসিয়েছি। চরিত্রটিকে একজন শিল্পীর দৃষ্টিতে সে দেখেছে আর আমি নিজেকে তৈরি করেছি সে অনুসারে।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস