পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় মঞ্চে উঠছেন এ জনপ্রিয় সংগীতশিল্পী।
‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হবে ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক, বিস্তৃত ও নিরাপদ আউটডোর কনসার্ট অ্যারেনায়। যেখানে ভক্তরা সহজেই সব ধরনের মাধ্যমে পৌঁছতে পারবেন।
তবে কনসার্টটি নিয়ে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। কেউ বলছে, আতিফ আসছেন না। কেউ আবার বলছে, ভেন্যু ঠিক হয়নি। এসব গুঞ্জনে আয়োজকরাও পড়েছেন বিপাকে।
আয়োজকদের ভাষ্য, নিরাপত্তার কারণে ভেন্যুর নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। এ সুযোগেই গুজব ছড়ানো হচ্ছে। তারা জানান, ভেন্যু-সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো আয়োজনের কাজ চলছে।
এদিকে গুজব থামাতে আতিফ আসলাম নিজেই পাশে দাঁড়িয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন, ঢাকা মাতাতে তিনি আবারো আসছেন। শুধু এ কনসার্টেই অংশ নিতে তিনি ঢাকায় আসছেন, তার এমন ঘোষণায় ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকের মুখপাত্র রিসালাত বলেন, ‘ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজনের জন্য আমরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে নিয়মমাফিক কাজ করছি। প্রতিটি ধাপ অনুসরণ করা হচ্ছে এবং তরুণদের ইতিবাচক সামাজিক উদ্যোগে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার আশা করছি। সবাইকে অনুরোধ করছি, গুজব বা বিভ্রান্তিতে কান দেবেন না।’
তিনি আরো জানান, দর্শকের নিরাপত্তা নিশ্চিত করতে টিকিট বিক্রি হচ্ছে শুধু Chologhuri.com-এ। অন্য কোনো প্লাটফর্ম, ব্যক্তি বা সোশ্যাল পেজ থেকে টিকিট বিক্রি করা হচ্ছে না। প্রতিটি টিকিট QR কোডের মাধ্যমে যাচাই করা হবে।
কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরাও পারফর্ম করবেন।










