শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশ। সেই সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে চলছে শিল্পী সিগমা হক অংকনের একক শিল্প প্রদর্শনী। গ্লোরি অব উইমেন শীর্ষক প্রদর্শনীটি শনিবার শুরু হয়েছে। এ প্রদর্শনীর বিষয় হলো মা ও সন্তানের সম্পর্ক, নারীত্ব ও প্রকৃতি। একক প্রদর্শনীতে ভাস্কর্যের পাশাপাশি অংকনের আঁকা বেশ কতক চিত্রকর্ম এখানে প্রদর্শিত হবে। ভাস্কর্যের সংখ্যা ৪০ ও জলরঙের চিত্রকর্মের সংখ্যা ২২, মোট ৬২টি কাজ প্রদর্শন করা হবে এ প্রদর্শনীতে। জলরঙে আঁকা এসব কাজে শিল্পী মূলত বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যকে উপজীব্য করেছেন। একক প্রদর্শনী চলবে ১০ মার্চ পর্যন্ত।
বাংলাদেশের সমকালীন ভাস্কর্য শিল্পের চর্চা ও সৃজনে তৎপর তরুণ ভাস্করদের মধ্যে সিগমা হক অংকন অন্যতম। ২০১২ সালে তার প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী হয়েছে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে। মায়ের রাজ্য ও একাধিক নারীর একত্রিত হয়ে গল্প করার বিষয়টিকে কেন্দ্ৰ করে তিনি ভাস্কর্য গড়েছেন।










