আলোচনায় থাকতে পছন্দ করেন কঙ্গনা রানাওয়াত। এবার ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারের সঙ্গে বিবাদে জড়ালেন তিনি। সম্প্রতি এক বক্তব্যে রানাওয়াত বলেছেন, অতীতের দুর্নীতি ও অনৈতিক কাজের জন্য তিনি ম্যাগাজিনটির বিরুদ্ধে মামলা করতে চান। এর পর পরই ম্যাগাজিনের পক্ষ থেকে জানানো হয়েছে রানাওয়াতের এ অভিযোগ মিথ্যা। এর সঙ্গে ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য রানাওয়াতের মনোনয়নও বাতিল করা হয়। কঙ্গনার সিনেমা ‘থালাইভি’র জন্য তাকে সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছিল।

ম্যাগাজিন ও অ্যাওয়াার্ডের দুর্নীতি ও নানা বিষয়ে কঙ্গনা একটি পোস্ট করেছিলেন। তিনি লেখেন, ‘আমি ২০১৪ সাল থেকে নানা কারণে ফিল্মফেয়ার থেকে দূরে থেকেছি। কিন্তু নানা সময় তাদের কাছ থেকে ফোনকল পেয়েছি। তারা চাইতেন আমি যেন তাদের অনুষ্ঠানে যোগ দিই। এ বছর তারা থালাইভির জন্য আমাকে পুরস্কার দেয়ার চিন্তাও করেছেন। আমি অবাক হচ্ছি, তারা এখনো আমাকে নমিনেশন দেয়ার কথা ভাবেন। কিন্তু এমন একটি দুর্নীতিগ্রস্ত ও ভুল কাজের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের কাছ থেকে পুরস্কার নেয়া আমার নীতিবিরোধী। এটি আমার আত্মসম্মানের বিষয়। তাই আমি ঠিক করেছি ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করব। ধন্যবাদ।’

এরপর একটি দীর্ঘ বক্তব্যে ফিল্মফেয়ার জানায়, ‘নিয়মানুসারে একজন মনোনীত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ারের এক্সিকিউটিভ এডিটর মিস রানাওয়াতকে তার মনোনয়ন সম্পর্কে জানাতে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং অন্যান্য তথ্য ও আনুষ্ঠানিক নিমন্ত্রণ করার জন্য তার ঠিকানা জানতে চান।’ কিন্তু কঙ্গনার পোস্ট ও বক্তব্যের কারণে ফিল্মফেয়ার তার মনোনয়ন তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি তারা জানায় কঙ্গনার অভিযোগ ভিত্তিহীন।

কিন্তু থেমে থাকার পাত্রী নন কঙ্গনা। এর পরও তিনি ফিল্মফেয়ারের বিরুদ্ধেই থাকছেন। মনোনয়ন প্রত্যাহারের খবর জেনে তিনি আবার একটি পোস্ট দিয়ে বলেন, ‘শেষ পর্যন্ত ফিল্মফেয়ার আমার মনোনয়ন প্রত্যাহার করেছে। আপনারা যারা আমাকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ। কিন্তু এ দুর্নীতি ও অনীতির বিরুদ্ধে কাজ করব। আদালতে দেখা হবে, ফিল্মফেয়ার।’

 

সূত্র: হিন্দুস্তান টাইমস