দীপ্ত টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো প্রদান করা হয়েছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়েছে। বৃহস্পতিবার টেলিভিশনটির কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’। ১৩টি ক্যাটাগরিতে দর্শক তার বিবেচনায় সেরা নাটক ও অভিনয়শিল্পীদের ভোট দিয়েছেন। এ বছরে ‘দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা’তে ভূষিত হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এ আয়োজনে বসেছিল তারার মেলা। অনুষ্ঠানের শুরুতেই গুণী অভিনয়শিল্পী দিলারা জামানের হাতে তুলে দেয়া হয় আজীবন সম্মাননা। এ সময়ে দিলারা জামান উচ্ছ্বসিত কণ্ঠে তার ভালো লাগার কথা জানান। ধন্যবাদ জানান দর্শককে দীর্ঘদিন ধরে তাকে ভালোবাসার জন্য, তার সঙ্গে থাকার জন্য। দেশের বিনোদন অঙ্গনের প্রায় সব তারকার দেখা মিলেছে এ আয়োজনে।
‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’-এ বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, মোশাররফ করিম, মুশফিক আর ফারহান, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, পূজা চেরিসহ অনেকে। পুরস্কার প্রদানের পাশাপাশি এ আয়োজনে ছিল দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের গান। সংগীতশিল্পী রাজিব, প্রতীক হাসান, রেহান রাসুল, অবন্তী সিঁথি ও আনিকা সংগীত পরিবেশন করেন দীপ্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এছাড়া এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন উপমা ও তার দল, রেজমিন সেতু ও তার দল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবণ্য। ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’ প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভির পর্দায়।










