প্রায় ১৪ বছর হলো বলিউড থেকে এক রকম দূরেই আছেন শিল্পা শেঠি। সম্প্রতি অবশ্য অক্ষয় কুমারের সঙ্গে এককালের তুমুল জনপ্রিয় গান চুরা কে দিল মেরার রিমেক করে সবাইকে চমকে দিয়েছেন। হাঙ্গামা টু ছবিতে দেখা যাবে শিল্পার এ রিমেক। ছবিটি মুক্তি পাচ্ছে ২৩ জুলাই।
শিল্পা সম্প্রতি জানিয়েছেন, হলিউডের বড় একটি প্রকল্পে তাকে কাজ করার প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ হঠাৎ করেই মুম্বাই থেকে তল্পিতল্পা গুটিয়ে লস অ্যাঞ্জেলেসে হাজির হতে অনিচ্ছুক ছিলেন শিল্পা।
বলিউডে শিল্পাকে সর্বশেষ কোনো ছবিতে পূর্ণাঙ্গ চরিত্রে দেখা গিয়েছিল ২০০৭ সালে, অনুরাগ বসুর লাইফ ইন আ মেট্রো ছবিতে এবং ধর্মেন্দ্র অভিনীত আপনে ছবিতে। সে বছরই ব্রিটিশ রিয়ালিটি টিভি সিরিজ সেলিব্রেটি বিগ ব্রাদারের সিজন ফাইভ জিতে শিল্পা জায়গা করে নেন আন্তর্জাতিক পরিসরে। এর পর থেকে দু-একটা হিন্দি ছবিতে ক্যামিও চরিত্র ছাড়া তাকে আর দেখা যায়নি। এছাড়া তাকে দেখা গেছে নাচ বলিয়ে বা সুপার ড্যান্সারের মতো রিয়ালিটি শোর বিচারক হিসেবে। কিন্তু এ ফাঁকে হলিউড থেকে পেয়েছিলেন বড় একটি প্রকল্পে যুক্ত হওয়ার প্রস্তাব। কিন্তু লস অ্যাঞ্জেলেসে গিয়ে থাকার বিষয়টি তার পক্ষে সম্ভব ছিল না। ‘হলিউড থেকে পাওয়া প্রস্তাবের বিষয়ে শুনে আমার ছেলে খুব মন খারাপ করেছিল। তখন আমি সেগুলোকে না বলে দিই। মুম্বাই থেকে লস অ্যাঞ্জেলেসে শিফট হওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না।’
পিটিআইকে দেয়া এক সাক্ষাত্কারে সম্প্রতি এসব কথা বলেছেন ৪৬ বছর বয়সী শিল্পা।
হলিউডের প্রস্তাব না করে দেয়াটা শিল্পা ‘বড় একটা সুযোগ’
নষ্ট বলেই মনে করেন। তবে তিনি মনে করেন, পরিবারের কথা ভেবে তার সিদ্ধান্ত সঠিকই ছিল। তবে পূর্ণোদ্যমে কাজে ফেরার ইচ্ছা আছে শিল্পার। ‘আমি কী চাই, সে বিষয়ে আমি পরিষ্কার। আমি এখানে কাজ করতে ভালোবাসি। ...আমার
ছেলেমেয়েদের বয়স যখন ১৫ হবে তখন হয়তো নতুন প্রস্তাব (হলিউড থেকে) পেলে বিবেচনা করব।’
১৯৯৩ সালে আব্বাস মাস্তানের বাজিগর ছবির মাধ্যমে ১৭ বছর বয়সে বড় পর্দায় অভিষেক হয় শিল্পার। কাজ থেকে দূরে থাকার সিদ্ধান্তটি সচেতনভাবেই নিয়েছিলেন তিনি। ‘আমি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়েছিলাম। অনেক শিল্পীর ক্ষেত্রেই এটা হয়। লাইফ ইন আ মেট্রো ও আপনে ছবির পর আমাকে একই ধরনের ছবির প্রস্তাব দেয়া হচ্ছিল। সেগুলো ভালো লাগেনি, তাই কাজ থেকে সরে গিয়েছিলাম।’
সূত্র: এনডিটিভি










